
সাগরকন্যা প্রতিবেদক, বরগুনা
জাতীয় সংসদের চিফ হুইপ ও বরগুনা-২ আসনের এমপি আলহাজ নুরুল ইসলাম মনিকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন বরগুনার সরকারি কৌঁসুলি আবদুল মজিদ তালুকদারসহ কয়েকজন আইনজীবী। শনিবার রাতে ঢাকাস্থ তার গুলশান বাসভবনে এক অনাড়ম্বর অনুষ্ঠানে তারা এ শুভেচ্ছা জানান।
জানা যায়, মহান জাতীয় সংসদে ২ মার্চ আলহাজ নুরুল ইসলাম মনি চিফ হুইপ নির্বাচিত হওয়ার পর বরগুনার বিএনপির নেতাকর্মীরা তাকে ধারাবাহিকভাবে ফুলেল শুভেচ্ছা জানিয়ে যাচ্ছেন। এরই ধারাবাহিকতায় শনিবার রাতে বরগুনার সরকারি কৌঁসুলি আবদুল মজিদ তালুকদারের নেতৃত্বে অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর মো. জামাল হোসেন, সহকারী পাবলিক প্রসিকিউটর ইসরাত হোসাইন সুমন, অ্যাডভোকেট সায়মন রহমান মুন্না ও অ্যাডভোকেট মরিয়ম জাহান পিয়া আনুষ্ঠানিকভাবে চিফ হুইপকে ফুলেল শুভেচ্ছা জানান।
এ সময় চিফ হুইপ নুরুল ইসলাম মনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান মহান জাতীয় সংসদে আমাকে চিফ হুইপের দায়িত্ব দেওয়ায় আমি তাকে ধন্যবাদ জানাই। তিনি বলেন, আমি চারবার বরগুনা-২ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছি। অতীতে আমি বরগুনার পাথরঘাটায় ব্যাপক উন্নয়নমূলক কাজ করেছি। এবার মাননীয় প্রধানমন্ত্রী আমাকে যে সম্মানে ভূষিত করেছেন, তার জন্য আমি কৃতজ্ঞ। আপনাদের সঙ্গে নিয়ে বরগুনার সার্বিক উন্নয়নে কাজ করতে চাই।
সরকারি কৌঁসুলি আবদুল মজিদ তালুকদার বলেন, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান আলহাজ নুরুল ইসলাম মনিকে চিফ হুইপ করায় আমরা তাকে অভিনন্দন জানাই। তিনি বলেন, মাননীয় চিফ হুইপ আমাদের অবহেলিত বরগুনাকে উন্নয়নের রোল মডেলে পরিণত করবেন। তার নেতৃত্বে বরগুনার ছয়টি উপজেলার নাজুক যোগাযোগ ব্যবস্থা অগ্রাধিকার ভিত্তিতে উন্নত করতে হবে।