চাঁদাবাজি মামলাকে মিথ্যা আখ্যা কলাপাড়ায় স্বেচ্ছাসেবক দল নেতাদের মুক্তির দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন

হোম পেজ » পটুয়াখালী » চাঁদাবাজি মামলাকে মিথ্যা আখ্যা কলাপাড়ায় স্বেচ্ছাসেবক দল নেতাদের মুক্তির দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন
শনিবার ● ৭ মার্চ ২০২৬


 

কলাপাড়ায় স্বেচ্ছাসেবক দল নেতাদের মুক্তির দাবিতে অনুষ্ঠিত বিক্ষোভ

সাগরকন্যা প্রতিবেদক, কলাপাড়া (পটুয়াখালী)

চাঁদাবাজি মামলাকে মিথ্যা আখ্যায়িত করে তা প্রত্যাহার এবং উপজেলার নীলগঞ্জ ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সোহানুর রহমান সুমন, নেতা রাসেল ও সজিব ফকিরের মুক্তির দাবিতে কলাপাড়ায় বিক্ষোভ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

 

শনিবার (৭ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে কলাপাড়া প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। পরে প্রেসক্লাব চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে কলাপাড়া পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়। এতে নীলগঞ্জ ইউনিয়নের শতাধিক কৃষক ও এলাকাবাসী অংশগ্রহণ করেন।

 

মানববন্ধনে বক্তব্য দেন কৃষক কুদ্দুস হাওলাদার, সান্টু হাওলাদার, মঞ্জু মুন্সী এবং নীলগঞ্জ ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মাসুম বিল্লাহ।

 

বক্তারা বলেন, গত ২৫ ফেব্রুয়ারি নীলগঞ্জ ইউনিয়নের কুমিরমারা ও গুটাবাছা সরকারি খালে অবৈধভাবে মাছ শিকারের জন্য স্থানীয় প্রভাবশালী চানমিয়া গাজী ও ইউনুচ গাজী ছোট ফাঁসের জাল ফেলেন। এতে ক্ষুব্ধ হয়ে স্থানীয় কৃষকরা জাল জব্দ করে ইউনিয়ন পরিষদে জমা দেন। এ ঘটনায় কৃষকদের পক্ষে অবস্থান নেওয়ায় নীলগঞ্জ ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সোহানুর রহমান সুমন, নেতা রাসেল ও সজিব ফকিরের বিরুদ্ধে চানমিয়া গাজী মিথ্যা চাঁদাবাজির মামলা দায়ের করেন।

 

বক্তাদের দাবি, পরে পুলিশ তাদের গ্রেফতার করে আদালতে সোপর্দ করে। অবিলম্বে ওই মামলা প্রত্যাহার করে গ্রেফতারকৃতদের মুক্তি না দিলে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলে তারা হুঁশিয়ারি দেন।

বাংলাদেশ সময়: ১৪:৪৫:২৭ ● ২৪ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ