
সাগরকন্যা প্রতিবেদক, গৌরনদী (বরিশাল)
গৌরনদী উপজেলায় এক পল্লী চিকিৎসকের দেওয়া ইনজেকশনের পর সুমন বেপারী (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। তিনি স্থানীয়ভাবে স্টেশনারি ব্যবসায়ী ছিলেন।
শুক্রবার (৬ মার্চ) দুপুরে চিকিৎসাধীন অবস্থায় বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পর তার মৃত্যু হয়। এ ঘটনার পর পল্লী চিকিৎসকের চেম্বার বন্ধ রয়েছে।
নিহত সুমন ধানডোবা গ্রামের শাহ আলম বেপারীর একমাত্র ছেলে। পরিবার ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, শুক্রবার সকালে গৌরনদীতে বাস-মাইক্রোবাসের সংঘর্ষের দুইজনের মৃত্যুর খবর পেয়ে দুর্ঘটনাস্থল দেখতে যায় সুমন। এসময় একটি মাহেন্দ্র গাড়ির ধাক্কা খেয়ে তিনি সামান্য আহত হন। পরে তিনি নিজেই পল্লী চিকিৎসক সুজন সরকারের কাছে গেলে ব্যথানাশক ইনজেকশন দেওয়ার পর অসুস্থ হয়ে পড়েন। প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
পল্লী চিকিৎসক সুজন সরকার বলেন, দুর্ঘটনায় আহত অবস্থায় তাকে ইনজেকশন দিয়ে স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠিয়েছি।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ফখরুল ইসলাম মৃধা বলেন, ব্যবস্থাপত্র ছাড়া ইনজেকশন দেওয়ার বৈধতা নেই। আমরা বিষয়টি নিয়ে কাজ শুরু করেছি।
গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিক হাসান রাসেল বলেন, অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।