
সাগরকন্যা প্রতিবেদক, আগৈলঝাড়া (বরিশাল)
বরিশালের আগৈলঝাড়ায় ঘুষের বিনিময়ে মূল আসামিদের বাদ দিয়ে চার্জশিট দাখিলের অভিযোগে থানার এক উপপরিদর্শকের (এসআই) বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন এক ভুক্তভোগী নারী। শনিবার (৭ মার্চ) সকালে আগৈলঝাড়া প্রেসক্লাবের হলরুমে উপজেলার বাকাল ইউনিয়নের বাকাল গ্রামের মৃত দেব প্রসাদের স্ত্রী সাবানা (অর্পা মজুমদার) এ সংবাদ সম্মেলন করেন।
লিখিত বক্তব্যে তিনি অভিযোগ করেন, জায়গা-জমি সংক্রান্ত বিরোধের জেরে ২০২৫ সালের ২১ ডিসেম্বর সকালে ফিরোজ ভাট্রির নেতৃত্বে ৭-৮ জনের একটি দল তার ঘরে ঢুকে শ্লীলতাহানির চেষ্টা করে এবং তার পরনের কাপড় ছিঁড়ে ফেলে। এ সময় তিনি চিৎকার করলে গলায় গামছা পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যার চেষ্টা করা হয়। গুরুতর আহত অবস্থায় তিনি দীর্ঘদিন হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।
এ ঘটনায় তার ছেলে এলবার্ট কর্মকার বাদী হয়ে ২০২৫ সালের ২৬ ডিসেম্বর আগৈলঝাড়া থানায় একটি মামলা দায়ের করেন। মামলার তদন্ত কর্মকর্তা ছিলেন থানার এসআই মিল্টন মণ্ডল।
সংবাদ সম্মেলনে সাবানা মজুমদার অভিযোগ করেন, তদন্ত কর্মকর্তা এসআই মিল্টন মণ্ডল মামলার বাদীর সঙ্গে কোনো যোগাযোগ না করে আসামিপক্ষের কাছ থেকে মোটা অঙ্কের ঘুষ নিয়ে ঘটনার সঙ্গে জড়িত মূল আসামিদের বাদ দিয়ে ২০২৬ সালের ২৯ জানুয়ারি আদালতে অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করেন। এ ঘটনায় থানার এসআই আব্দুল্লাহ আল মামুন ও নুর মোহাম্মাদের সংশ্লিষ্টতাও রয়েছে বলে তিনি দাবি করেন।
তিনি আরও বলেন, মূল আসামিদের বাদ দেওয়ায় মামলার বাদী ও তার পরিবার বর্তমানে চরম নিরাপত্তাহীনতায় ভুগছে এবং যে কোনো সময় তারা পুনরায় হামলার শিকার হতে পারেন।
এ ঘটনায় প্রতিকার চেয়ে গত ৫ মার্চ সাবানা (অর্পা মজুমদার) বাদী হয়ে ঢাকার পুলিশ প্রধান কার্যালয়ে লিখিত অভিযোগ দায়ের করেছেন বলে জানান তিনি। অভিযোগের নম্বর-১০১।
সংবাদ সম্মেলনে সাবানা মজুমদারের মেয়ে এলিজাবেথ কর্মকার, ননদ নমিতা কর্মকারসহ পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।
এসই/এমআর