বরগুনায় ৬২৮ মিটার রিং বেড়িবাঁধ নির্মাণ শুরু

হোম পেজ » বরগুনা » বরগুনায় ৬২৮ মিটার রিং বেড়িবাঁধ নির্মাণ শুরু
বুধবার ● ৪ মার্চ ২০২৬


বরগুনায় ৬২৮ মিটার রিং বেড়িবাঁধ নির্মাণ শুরু

সাগরকন্যা প্রতিবেদক, বরগুনা

বরগুনা জেলা সদরের খাকদোন নদীর তীরে নির্মিত ৬২৮ মিটার দৈর্ঘ্য ও ৩ মিটার প্রস্থের রিং বেড়িবাঁধ উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (৩ মার্চ) দুপুরে সদর উপজেলার ঢলুয়া ইউনিয়নের পোটকাখালী আশ্রয়ণ প্রকল্প এলাকায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বেড়িবাঁধটির উদ্বোধন করেন জেলা প্রশাসক মিজ্ তাছলিমা আক্তার।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সিফাত বিন সাদেক। উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক সজল চন্দ্র শীল, সহকারী কমিশনার গোলাম কিবরিয়া নায়েম, জেলা দুর্যোগ ও ত্রাণ কর্মকর্তা মো. সাইফুল ইসলাম, ভূমি কর্মকর্তা মো. মাহমুদুল হাসান এবং জাগো নারীর নির্বাহী প্রধান হোসনে আরা হাসিসহ বিভিন্ন দফতরের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও উন্নয়ন সংস্থার প্রতিনিধিরা। উদ্বোধন শেষে জেলা প্রশাসক প্রকল্প এলাকা পরিদর্শন ও বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, স্থানীয় ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির বাস্তবায়নে নির্মিত এ বেড়িবাঁধের ফলে আশ্রয়ণ প্রকল্পের প্রায় ২৪০টি পরিবার উঁচু জোয়ার ও জলাবদ্ধতার ক্ষতি থেকে সুরক্ষা পাবে।

জাগো নারীর নির্বাহী প্রধান হোসনে আরা হাসি বলেন, এ প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে নারী ও শিশুসহ ২৪০টি পরিবার এখন নিরাপদে বসবাস করতে পারবে। ভবিষ্যতেও দুর্যোগপ্রবণ এলাকায় এমন উদ্যোগ অব্যাহত রাখার চেষ্টা করা হবে।

জেলা প্রশাসক মিজ্ তাছলিমা আক্তার বলেন, সরকারের একক উদ্যোগে সব উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন সম্ভব নয়। সরকারি-বেসরকারি অংশীদারিত্বের মাধ্যমে উন্নয়ন কার্যক্রম আরও বিস্তৃত করতে হবে। এই রিং বেড়িবাঁধ উপকূলীয় মানুষের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি প্রকল্প বাস্তবায়নে জাগো নারী ও বিশ্ব খাদ্য কর্মসূচি-এর ভূমিকার প্রশংসা করেন।

উল্লেখ্য, জাপান সরকারের অর্থায়ন ও বিশ্ব খাদ্য কর্মসূচির কারিগরি সহায়তায় ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির মাধ্যমে প্রকল্পটি বাস্তবায়ন করা হয়েছে। এতে বাস্তবায়ন সহযোগী হিসেবে কাজ করেছে জাগো নারী। প্রকল্পের আওতায় বরগুনা সদর উপজেলার চারটি ইউনিয়নে মোট ৫ কোটি ৫ লাখ ৭৭ হাজার ৪৫৩ টাকা ব্যয়ে পাঁচটি সড়ক পুনর্নির্মাণ করা হয়েছে। এসব সড়ক ব্যবহারের মাধ্যমে প্রায় ১৫ হাজার মানুষ যাতায়াত ও কৃষিপণ্য পরিবহনে উপকৃত হবেন বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

এমএইচকে/এমআর

বাংলাদেশ সময়: ১১:২৪:১৮ ● ৪৮ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ