
সাগরকন্যা প্রতিবেদক, চরফ্যাশন (ভোলা)
ভোলার দক্ষিণাঞ্চলের গুরুত্বপূর্ণ জনপদ চরফ্যাশন উপজেলায় আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গনে আলোচনা জোরদার হয়েছে। জাতীয় নির্বাচনের পর এখন স্থানীয় রাজনীতির কেন্দ্রবিন্দুতে উপজেলা পরিষদ নির্বাচন। কে হবেন আগামী দিনের চেয়ারম্যান-এ প্রশ্নে সরব বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। আলোচনায় রয়েছেন সাবেক যুবনেতা আশরাফুর রহমান দিপু ফরাজী।
উপজেলার ২১টি ইউনিয়নের বিভিন্ন এলাকায় তাকে ঘিরে আলোচনা ও সমর্থন বাড়ছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে। সমর্থকদের দাবি, দীর্ঘদিন সামাজিক, সাংগঠনিক ও মানবিক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা রেখে তিনি সাধারণ মানুষের আস্থা অর্জন করেছেন। তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল-এর অঙ্গসংগঠন চরফ্যাশন উপজেলা যুবদলের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। দলীয় নেতাকর্মীদের ভাষ্য, তার নেতৃত্বে সংগঠনের কার্যক্রমে গতিশীলতা আসে এবং দুঃসময়ে রাজপথের আন্দোলন-সংগ্রামে তিনি সক্রিয় ছিলেন।
প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের সহায়তা, অসহায় পরিবারের পাশে দাঁড়ানো এবং শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণসহ বিভিন্ন সামাজিক উদ্যোগে তার সম্পৃক্ততা স্থানীয়ভাবে প্রশংসিত হয়েছে। অনেকের মতে, রাজনৈতিক পরিচয়ের বাইরে গিয়েও তিনি সাধারণ মানুষের প্রতিনিধি হিসেবে কাজ করার চেষ্টা করেছেন।
উপজেলার কয়েকজন ব্যবসায়ী, শিক্ষক ও তরুণ প্রতিনিধি বলেন, উন্নয়ন ও সেবাকে অগ্রাধিকার দিতে সক্ষম নেতৃত্বই এখন সময়ের দাবি, আর দিপু ফরাজী সেই যোগ্যতা রাখেন। রাজনৈতিক বিশ্লেষকদের ধারণা, তরুণ ও কর্মীবান্ধব নেতৃত্ব হিসেবে তিনি একটি অবস্থান তৈরি করেছেন; প্রার্থী হলে নির্বাচনী মাঠে সাড়া ফেলতে পারেন।
তবে প্রার্থিতা প্রসঙ্গে আশরাফুর রহমান দিপু ফরাজী বলেন, আমরা জনগণের জন্যই রাজনীতি করি। দীর্ঘ ১৭ বছর নানা প্রতিকূলতার মধ্যেও দলকে ধারণ করেছি। জনগণ চাইলে এবং দল সিদ্ধান্ত দিলে অবশ্যই জনগণের হয়ে কাজ করব।
সচেতন মহলের মতে, উপকূলীয় এ জনপদে অবকাঠামো উন্নয়ন, নদীভাঙন রোধ, কর্মসংস্থান সৃষ্টি ও দুর্যোগ ব্যবস্থাপনায় কার্যকর দিকনির্দেশনা দিতে সক্ষম অভিজ্ঞ ও জনসম্পৃক্ত নেতৃত্বই আসন্ন নির্বাচনে ভোটারদের কাছে অগ্রাধিকার পাবে। ইতোমধ্যে নির্বাচনকে কেন্দ্র করে চরফ্যাশনের রাজনৈতিক অঙ্গনে প্রাণচাঞ্চল্য দেখা দিয়েছে। সাধারণ মানুষের প্রত্যাশা-যোগ্য নেতৃত্বের মাধ্যমে উপজেলার উন্নয়নের ধারাবাহিকতা বজায় থাকবে।
এসএফ/এমআর