বিটিসিএল স্টাফ কলেজের অব্যবহৃত জমি আয়বর্ধক কাজে ব্যবহারের নির্দেশ

হোম পেজ » জাতীয় » বিটিসিএল স্টাফ কলেজের অব্যবহৃত জমি আয়বর্ধক কাজে ব্যবহারের নির্দেশ
মঙ্গলবার ● ৩ মার্চ ২০২৬


বিটিসিএল স্টাফ কলেজের অব্যবহৃত জমি আয়বর্ধক কাজে ব্যবহারের নির্দেশ

সাগরকন্যা ডেস্ক রিপোর্ট:
 ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের মন্ত্রী ফকির মাহবুব আনাম গাজীপুরে বাংলাদেশ টেলিযোগাযোগ কোম্পানি লিমিটেড (বিটিসিএল)-এর টেলিযোগাযোগ স্টাফ কলেজ এবং বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেড-এর উপগ্রহ ভূকেন্দ্র পরিদর্শন করেছেন। পরিদর্শনকালে তিনি সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব আব্দুন নাসের খান উপস্থিত ছিলেন।

টেলিযোগাযোগ স্টাফ কলেজে মতবিনিময়কালে মন্ত্রী বলেন, প্রশিক্ষণ কেন্দ্রের অব্যবহৃত জমি পরিকল্পিতভাবে ব্যবহার করা গেলে এটি সরকারের জন্য আয়বর্ধক প্রতিষ্ঠানে পরিণত হতে পারে। প্রশিক্ষণ কার্যক্রমে ব্যাঘাত না ঘটিয়ে দ্রুত একটি বাস্তবসম্মত প্রকল্প প্রস্তাবনা তৈরির নির্দেশ দেন তিনি।

মন্ত্রী সতর্ক করে বলেন, সরকারি সম্পদ অব্যবহৃত রাখা যাবে না; আগে থেকেই পরিকল্পনা নিয়ে এগোতে হবে। ইঞ্জিনিয়ার সংকট নিরসনে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে জানিয়ে সংশ্লিষ্টদের দায়িত্বশীলভাবে কাজ করার আহ্বান জানান।

ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব আব্দুন নাসের খান বলেন, এই প্রশিক্ষণ কেন্দ্রকে শুধু সরকারি কোর্সে সীমাবদ্ধ রাখা হবে না; সরকারি-বেসরকারি সবার জন্য উন্মুক্ত করা হবে। আন্তর্জাতিক মানের সার্টিফাইড কোর্স চালুর জন্য সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের সঙ্গে কাজ করা হবে।

সচিব আরও জানান, আগামী ১৮০ দিনের মধ্যে কোর্স চালু, আধুনিকায়ন ও প্রয়োজনীয় প্রকল্প প্রস্তাবসহ একটি স্পষ্ট কর্মপরিকল্পনা উপস্থাপন করতে হবে। লক্ষ্য একটাই-টেলিযোগাযোগ স্টাফ কলেজকে সেন্টার অব এক্সেলেন্স হিসেবে গড়ে তোলা।

সভায় কর্মকর্তারা চলমান কার্যক্রম, ভবিষ্যৎ পরিকল্পনা ও সেবার মানোন্নয়নে গৃহীত পদক্ষেপ সম্পর্কে মন্ত্রীকে অবহিত করেন। সভার শুরুতে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের নবযোগদানকৃত কর্মচারীদের মৌলিক প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করেন মন্ত্রী।

টেলিযোগাযোগ স্টাফ কলেজ পরিদর্শন শেষে মন্ত্রী বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেড-এর গাজীপুরস্থ উপগ্রহ ভূকেন্দ্র পরিদর্শন করেন এবং সেখানে গাছের চারা রোপণ করেন। পরিদর্শনকালে প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


এমএ/এমআর

বাংলাদেশ সময়: ১৬:৪১:৩৭ ● ৩১ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ