
সাগরকন্যা প্রতিবেদক, মেহেন্দিগঞ্জ (বরিশাল)
দেশের গ্যাস, বিদ্যুৎ ও তেল খাতের সংকট এবং অব্যবস্থাপনা সম্পর্কে জনসচেতনতা তৈরি ও সংকট নিরসনের দাবিতে বরিশালের মেহেন্দিগঞ্জে লিফলেট বিতরণ করেছে বিএনপি ও অঙ্গসংগঠনগুলো।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকালে মেহেন্দিগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক গিয়াস উদ্দিন দিপেনের নেতৃত্বে স্থানীয় বিএনপি কার্যালয় থেকে এ কর্মসূচি শুরু হয়। পরে পাতারহাট বন্দরের প্রধান সড়ক ও বাজার এলাকায় ব্যবসায়ী এবং সাধারণ মানুষের মধ্যে সচেতনতামূলক লিফলেট বিতরণ করেন নেতাকর্মীরা।
এ সময় বিএনপি নেতারা দাবি করেন, ২০১০ সালের দায়মুক্তি আইনের মাধ্যমে দরপত্র ছাড়াই উচ্চমূল্যে গ্যাস আমদানির সুযোগ তৈরি করা হয়। এতে জ্বালানি খাতে স্বচ্ছতা ও জবাবদিহি ক্ষতিগ্রস্ত হয়েছে। অন্যদিকে, দেশীয় প্রতিষ্ঠান বাপেক্সকে দীর্ঘদিন নিষ্ক্রিয় রেখে বিদেশি ঠিকাদারদের ওপর নির্ভরতা বাড়ানো হয়েছে।
নেতাদের দেওয়া তথ্য অনুযায়ী, ২০২৪-২৫ অর্থবছরে সিস্টেম লসের নামে প্রায় ১ হাজার ৭৯৬ মিলিয়ন ঘনমিটার গ্যাস অপচয় ও চুরি হয়েছে, যার আনুমানিক আর্থিক মূল্য ৪ হাজার কোটি টাকা। তাঁদের অভিযোগ, রাজনৈতিক প্রশ্রয়ে বিপুলসংখ্যক অবৈধ গ্যাস সংযোগ, কূপ থেকে অপরিকল্পিতভাবে অতিরিক্ত গ্যাস উত্তোলন এবং এর ফলে বালু উঠে আসার ঘটনা সংকটকে আরও বাড়িয়েছে। পাশাপাশি মধ্যপ্রাচ্যের অস্থিতিশীল পরিস্থিতিতে হরমুজ প্রণালি বন্ধ হওয়ার ঝুঁকি, মহেশখালীর টার্মিনালে অগ্নিকাণ্ড ও সাগরে বৈরী আবহাওয়ার কারণে গ্যাস সরবরাহব্যবস্থা ব্যাহত হয়েছে বলে তাঁরা উল্লেখ করেন।
বিএনপি নেতারা জানান, সংকট মোকাবিলায় গ্যাস সরবরাহ দৈনিক ২ হাজার ৬০০ মিলিয়ন ঘনফুটে উন্নীত করার উদ্যোগ নেওয়া হয়েছে। এ লক্ষ্যে মাতারবাড়ী, কুতুবজোম, পায়রা ও মোংলায় নতুন তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) টার্মিনাল স্থাপন, পাইপলাইন সম্প্রসারণ এবং বাপেক্সের জন্য নতুন রিগ কেনার পরিকল্পনার কথা তুলে ধরেন তাঁরা। পাশাপাশি ২০২৫ থেকে ২০৩০ সালের মধ্যে ১৫০টি নতুন কূপ খননের পরিকল্পনার কথাও জানান।
তাঁদের ভাষ্য, দুর্নীতি বন্ধ, সিস্টেম লস কমানো এবং দেশীয় প্রযুক্তি ও অবকাঠামোর উন্নয়নের মাধ্যমে ২০৩০ সালের মধ্যে দেশের গ্যাসের শতভাগ চাহিদা পূরণ নিশ্চিত করা প্রয়োজন।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্যসচিব সিহাব আহামেদ সেলিম, জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আসাদুজ্জামান মুক্তা, পৌর বিএনপির আহ্বায়ক সৈয়দ রিয়াজ শাহীন লিটন, রিয়াজ উদ্দিন চৌধুরী দিনু মিয়া, বরিশাল উত্তর জেলা যুবদলের আহ্বায়ক সালাউদ্দিন পিপলু, উপজেলা যুবদলের আহ্বায়ক সৈয়দ নাঈম ইসলাম তুহিন ও সদস্যসচিব মাজহারুল ইসলাম পারভেজ।
এ ছাড়া উপস্থিত ছিলেন পৌর যুবদলের আহ্বায়ক মামুন মিয়াজি ও সদস্যসচিব আমজাদ পোদ্দার, বরিশাল উত্তর জেলা কৃষক দলের আহ্বায়ক নলী মোহাম্মদ জামাল হোসাইন, বরিশাল উত্তর জেলা তাঁতী দলের আহ্বায়ক ইউনুসুর রহমান জুবায়ের, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ফখরুল ইসলাম সোহেল ও সদস্যসচিব মাসুদ রানা, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সিপন মিয়া ও সদস্যসচিব আমিনুল ইসলাম রবীন, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক শাহাদাৎ হোসেন সোহাগ ও সদস্যসচিব জুবায়ের মাহমুদ এবং পৌর ছাত্রদলের আহ্বায়ক তরিকুল ইসলাম ও সদস্যসচিব হানিফ সরদারসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।