
সাগরকন্যা প্রতিবেদক, দশমিনা(পটুয়াখালী)
সাগরকন্যা প্রতিবেদক, দশমিনা (পটুয়াখালী)
পটুয়াখালীর দশমিনা উপজেলার ২ নম্বর আলীপুর ইউনিয়ন ছাত্রদল সভাপতি সোহেল মাহমুদের ওপর নিজ দলের একাংশের হামলার অভিযোগ উঠেছে। রোববার সন্ধ্যায় আলীপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের খলিসাখালী গ্রামে নিজ বাড়িতে ফেরার পথে এ হামলার ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে দশমিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে পরে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
আহত সোহেল মাহমুদ বলেন, তিনি স্বতন্ত্র প্রার্থী ও বিএনপির কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য হাসান মামুন-এর পক্ষে নির্বাচনে কাজ করায় প্রতিপক্ষরা তার ওপর হামলা চালায়। এ ঘটনার প্রতিবাদ ও বিচার দাবিতে রোববার রাতে বিএনপির একাংশ বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে। মিছিলটি উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে নলখোলা বাসস্ট্যান্ডে পথসভায় রূপ নেয়। সেখানে বক্তব্য দেন উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান ফখরুজ্জামান বাদল, উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক আল আমীন মোল্লা, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক জোবায়ের হোসেন আক্কাস এবং উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক তানজির আহমেদ রিডেন।
তবে অভিযোগ অস্বীকার করে উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আবুল বশার জানান, বিএনপি জোটের প্রার্থী গণঅধিকার পরিষদের সভাপতি ভিপি নুরুল হক নূর-এর ট্রাক প্রতীকের পক্ষে নির্বাচনে কাজ করাকে কেন্দ্র করে আগে আলীপুর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি সোহেল মাহমুদের বিরুদ্ধে ছাত্রদলের কর্মী রিয়াদ ও সাহিনকে মারধরের অভিযোগ রয়েছে। এছাড়া একটি পারিবারিক ঘটনাকেও কেন্দ্র করে বিরোধের সূত্রপাত হয়েছে বলে দাবি করেন তিনি। বিষয়টি রাজনৈতিকভাবে প্রচার করা হচ্ছে বলেও উল্লেখ করেন।
এদিকে সোমবার উপজেলার নলখোলা এলাকায় বিএনপির অস্থায়ী কার্যালয়ে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সেখানে লিখিত বক্তব্য পাঠ করেন উপজেলা বিএনপির সদস্য সচিব শাহ আলম শানু সিকদার। সংবাদ সম্মেলনে বলা হয়, নির্বাচন-পরবর্তী বিভিন্ন পারিবারিক ঘটনাকে রাজনৈতিক ইস্যু বানিয়ে পরাজিত প্রার্থী হাসান মামুনের সমর্থকরা ফায়দা হাসিলের চেষ্টা করছেন। তারা বিএনপির নাম ব্যবহার করে দশমিনায় অস্থিরতা সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছেন। সংবাদ সম্মেলনে উপজেলা বিএনপির আহ্বায়ক সিদ্দিক আহমেদ মোল্লা, যুগ্ম আহ্বায়ক নাসির উদ্দিন ও মজিবুর রহমান প্যাদা, উপজেলা গণঅধিকার পরিষদের সভাপতি মো. লিয়ার হোসেন, উপজেলা যুবদলের সাবেক সদস্য সচিব শামীম খান, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আবুল বশার এবং উপজেলা যুব অধিকার পরিষদের সভাপতি ইমরান শাহিন উপস্থিত ছিলেন।
এ বিষয়ে দশমিনা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হাসনাইন পারভেজ বলেন, ছাত্রদল নেতা সোহেল মাহমুদের ওপর হামলার ঘটনায় ১৫ জনের নামে থানায় মামলা হয়েছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।
এসবি/এমআর