মির্জাগঞ্জে রমজানে সবজির দামে স্বস্তি ফেরাল ক্রেতাদের

হোম পেজ » লিড নিউজ » মির্জাগঞ্জে রমজানে সবজির দামে স্বস্তি ফেরাল ক্রেতাদের
বুধবার ● ২৫ ফেব্রুয়ারী ২০২৬


 

মির্জাগঞ্জে রমজানে সবজির দামে স্বস্তি ফেরাল ক্রেতাদের

উত্তম গোলদার, সাগরকন্যা প্রতিবেদক, মির্জাগঞ্জ (পটুয়াখালী)

রমজানের শুরুতে পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার সুবিদখালী বাজারে সবজির দাম চড়া থাকার পর এক সপ্তাহের ব্যবধানে তা ব্যাপকভাবে কমেছে। ক্রেতারা এখন স্বাচ্ছন্দ্যে সবজি কিনতে পারছেন। ব্যবসায়ীরা জানান, চলতি রবি মৌসুমে ফলন বেশি হওয়ায় এবং চাহিদার তুলনায় সরবরাহ বৃদ্ধি পাওয়ায় দাম কমেছে।

 

বুধবার (২৫ ফেব্রুয়ারি) উপজেলা সদরস্থ সুবিদখালী বাজারে দেখা যায়, শসা, বেগুন, গাজর, ফুলকপি, কাঁচামরিচ ও লেবুর দাম আগের তুলনায় অর্ধেকে নেমেছে। কাঁচামরিচ কেজি প্রতি ২০০ টাকার বদলে এখন ১৪০ টাকায়, লেবু ১০০ টাকার বদলে ৬০ টাকায়, বেগুন ১০০ টাকার বদলে ৬০ টাকায় বিক্রি হচ্ছে। দেশি শসার দাম ১২০ টাকার বদলে ৬০ টাকা, পাতাকপি ৩০ টাকার বদলে ১৫ টাকা, বরব ২০ টাকার বদলে ১৫ টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া টমেটো বিক্রি হচ্ছে ৫০ টাকায় এবং মটরশুঁটির দাম ২০ টাকা। নতুন মৌসুমের করলা বিক্রি হচ্ছে ৮০-১২০ টাকায়। বাজারে গরুর মাংসের দাম ৭২০-৭৫০ টাকা এবং খাসির মাংস ১২০০-১৩০০ টাকা কেজি দরে। আলু ও পেঁয়াজের দামও কমেছে।

 

সুবিদখালী বাজারের কাঁচামাল ব্যবসায়ী বেল্লাল, আলামিন ও আব্বাস মিয়া জানান, রমজানের শুরুতে সবজির দাম চড়া ছিল। এবার ফলন ভালো হওয়ায় এবং মোকামগুলোতে পর্যাপ্ত সরবরাহ থাকায় দাম কমেছে। আমরা সামান্য লাভে বিক্রি করছি।

 

উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ মলিহা খানম বলেন, মির্জাগঞ্জের বাজার ব্যবস্থা স্বাভাবিক রাখতে উপজেলা প্রশাসন সার্বক্ষনিক মনিটরিং করছে। কোথাও অনিয়ম ধরা পড়লে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ২২:২৪:১৬ ● ২১ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ