জোটের সমর্থন নুরের দিকে, ভোট বিভাজনে হারলেন হাসান মামুন

হোম পেজ » লিড নিউজ » জোটের সমর্থন নুরের দিকে, ভোট বিভাজনে হারলেন হাসান মামুন
মঙ্গলবার ● ২৪ ফেব্রুয়ারী ২০২৬


 

জোটের সমর্থন নুরের দিকে, ভোট বিভাজনে হারলেন হাসান মামুন

সঞ্জিব দাস, সাগরকন্যা প্রতিবেদক, গলাচিপা (পটুয়াখালী)

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পটুয়াখালী-৩ (গলাচিপা-দশমিনা) আসনে ব্যক্তিগত জনপ্রিয়তা ও দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা থাকা সত্ত্বেও পরাজিত হয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর সাবেক কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য হাসান মামুন। কেন্দ্রীয় রাজনীতিতে সক্রিয় থাকার পাশাপাশি স্থানীয় পর্যায়ে সাংগঠনিক ভিত্তি গড়ে তুললেও দলীয় মনোনয়ন না পাওয়া এবং জোটগত সমীকরণ তার নির্বাচনি সমীকরণ বদলে দেয়েছিল বলেই ধারণা করছেন স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকরা।

 

বিএনপি নেতৃত্বাধীন জোটের সিদ্ধান্তে এ আসনে দলীয় মনোনয়ন না দিয়ে গণঅধিকার পরিষদ-এর সভাপতি নুরুল হক নুর-কে সমর্থন দেওয়া হয়। ফলে বিএনপি ও জোটের উল্লেখযোগ্য ভোট নুরের পক্ষে সরে যায়। দলীয় সিদ্ধান্ত অমান্য করে হাসান মামুন স্বতন্ত্র প্রার্থী হলে তাকে বহিষ্কার করা হয় এবং গলাচিপা-দশমিনা আসনের বিএনপি ও সহযোগী সংগঠনের কমিটি বিলুপ্ত করা হয়। এতে তার সাংগঠনিক কাঠামো দুর্বল হয়ে পড়ে এবং মাঠপর্যায়ের সমর্থন বিভক্ত হয়।

 

স্থানীয়ভাবে বিএনপির একটি বড় অংশ তাকে সমর্থন করলেও আরেক অংশ জোটের প্রার্থীর পক্ষে অবস্থান নেয়। এই ভোট বিভাজন শেষ পর্যন্ত ফলাফলে প্রভাব ফেলে বলে সংশ্লিষ্টরা মনে করছেন। পাশাপাশি দলীয় প্রতীকের পরিবর্তে স্বতন্ত্র প্রতীক নিয়ে নির্বাচন করায় সাধারণ ভোটারের একটি অংশের মধ্যে বিভ্রান্তি তৈরি হয়। প্রচারণাকালে কার্যালয়ে হামলা, ভাঙচুর ও নেতাকর্মীদের বিরুদ্ধে গ্রেপ্তারের অভিযোগও নির্বাচনি কার্যক্রমে বাধা সৃষ্টি করে।

 

অন্যদিকে দীর্ঘ সময় পর এ আসনে কর্মসূচী নিষিদ্ধ ঘোষিত বাংলাদেশ আওয়ামী লীগ-এর কোনো প্রার্থী না থাকায় তাদের সমর্থক ভোটাররা নির্ধারক ভূমিকায় চলে আসেন। স্থানীয় রাজনৈতিক পরিস্থিতি, আইনি পদক্ষেপ ও তৃণমূল পর্যায়ের বিরূপ প্রতিক্রিয়ার প্রভাবও ভোটের সমীকরণে যুক্ত হয়। সব মিলিয়ে জোট রাজনীতি, সাংগঠনিক ভাঙন ও ভোট বিভাজনের সমন্বিত প্রভাবেই হাসান মামুনের পরাজয় নির্ধারিত হয়েছে বলে রাজনৈতিক পর্যবেক্ষকদের ধারণা।

বাংলাদেশ সময়: ২২:৩৯:১৬ ● ১৯ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ