
সাগরকন্যা প্রতিবেদক, আমতলী (বরগুনা)
মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আমতলী উপজেলার হলদিয়া ইউনিয়নে ডাঃ মোঃ রিয়াজ মৃধার উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্পে শনিবার পাঁচ শতাধিক অস্বচ্ছল, হতদরিদ্র ও দরিদ্র রোগী চিকিৎসা সেবা পেয়েছেন। আটজন বিশেষজ্ঞ চিকিৎসক মেডিসিন, নারী ও প্রসুতি, চর্ম ও এলার্জি, ডায়াবেটিস, হৃদরোগ, নবজাতক ও শিশু রোগসহ বিভিন্ন সমস্যার চিকিৎসা প্রদান করেন। চিকিৎসা শেষে অসচ্ছল রোগীদের হাতে বিনামূল্যে ওষুধও বিতরণ করা হয়।
ডাঃ রিয়াজ মৃধা আমতলীর পুর্বচিলা গ্রামের রফিক মৃধার ছেলে। ৩৯তম বিসিএস উত্তীর্ণ হয়ে তিনি বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যোগদান করেন। জন্মভুমিতে অস্বচ্ছল মানুষের সেবা দিতে তিনি ২০২১ সালে বাবা-মায়ের নামে রফিক-নুরজাহান ট্রাস্ট হাসপাতাল (প্রস্তাবিত) প্রতিষ্ঠার উদ্যোগ নেন। গত পাঁচ বছরে তিনি বিভিন্ন দিবসে কয়েক হাজার রোগীর ফ্রি চিকিৎসা সেবা দিয়েছেন।
চিকিৎসা নেওয়া রোগী সালেহা, নাজমা ও কুলসুম বলেন, মোরা টাহা দিয়া ডাক্তার দ্যাহাইতে পারি না। বেমালা দিন কষ্ট হরি। মোগো গ্রামের পোলা ডাক্তার অইছে, হে মোগো মাগনা দ্যাখছে আবার ওষুধও দিছে। মোরা দোয়া হরি, আল্লায় ডাঃ রিয়াজ মৃধাকে বেমালা দিন বাচাইয়্যা রাখবে।
ডাঃ রিয়াজ মৃধা বলেন, ভাষা শহীদদের আত্মত্যাগ আমার প্রেরণা। তাদের স্মৃতির প্রতি সম্মান রক্ষায় সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়াতেই আমি বিভিন্ন দিবসে ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্যোগ নিচ্ছি। হাসপাতাল প্রতিষ্ঠা করতে পারলে আরও উন্নত সেবা দিতে পারব।