রমজানকে ঘিরে মঠবাড়িয়ায় বাজার মনিটরিং শুরু

হোম পেজ » পিরোজপুর » রমজানকে ঘিরে মঠবাড়িয়ায় বাজার মনিটরিং শুরু
বৃহস্পতিবার ● ১৯ ফেব্রুয়ারী ২০২৬


রমজানকে ঘিরে মঠবাড়িয়ায় বাজার মনিটরিং শুরু

সাগরকন্যা প্রতিবেদক, মঠবাড়িয়া (পিরোজপুর)
পবিত্র মাহে রমজান উপলক্ষে বাজার মনিটরিং কার্যক্রম শুরু করতে পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ সভাকক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় ব্যবসায়ী প্রতিনিধি, বাজার কমিটির সদস্য, সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা ও অংশীজনরা উপস্থিত ছিলেন।
সভায় সরকারের পক্ষ থেকে বাজার ব্যবস্থাপনা, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, ন্যায্যমূল্য নিশ্চিতকরণ, মজুতদারি ও কৃত্রিম সংকট প্রতিরোধে করণীয় বিষয়ে সুস্পষ্ট নির্দেশনা জানানো হয়। রমজানে সাধারণ মানুষের ভোগান্তি এড়াতে প্রশাসন কঠোর অবস্থানে থাকবে বলেও জানানো হয়।
সভা শেষে সংশ্লিষ্টদের নিয়ে উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ বাজার পরিদর্শন করা হয়। এ সময় নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যতালিকা প্রদর্শন, অতিরিক্ত মূল্য আদায় রোধ, বাজারে শৃঙ্খলা বজায় রাখা এবং সড়কে এলোমেলোভাবে যানবাহন ও মোটরসাইকেল পার্কিং বন্ধে ব্যবসায়ীদের সতর্ক করা হয়। আইন মেনে ব্যবসা পরিচালনায় প্রয়োজনীয় দিকনির্দেশনাও দেওয়া হয়।
সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. রাইসুল ইসলাম বলেন, রমজানে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য জনগণের ক্রয়ক্ষমতার মধ্যে রাখতে বাজার মনিটরিং কার্যক্রম অব্যাহত থাকবে। তিনি বলেন, রমজানকে পুঁজি করে কোনো অসাধু চক্র যাতে বর্ধিত মূল্যে পণ্য বিক্রি করতে না পারে, সে বিষয়ে কঠোর নজরদারি চালানো হবে।
জনস্বার্থে এ ধরনের বাজার মনিটরিং নিয়মিতভাবে চলবে এবং সরকারের নির্দেশনা ও বিদ্যমান আইন লঙ্ঘন করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করা হয়েছে।


আরকেজে/এমআর

বাংলাদেশ সময়: ১৬:৩৭:৫৩ ● ৩৫ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ