
সাগরকন্যা প্রতিবেদক, গৌরনদী (বরিশাল)
উৎসবমুখর পরিবেশে বরিশালের গৌরনদীতে অনুষ্ঠিত হয়েছে রংধনু বিদ্যানিকেতনের ২১তম বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান, বনভোজন ও মেধা পুরস্কার বিতরণ-২০২৬। সোমবার সকাল ১১টায় বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে দিনব্যাপী নানা আয়োজনের মধ্য দিয়ে মুখর হয়ে ওঠে পুরো এলাকা।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৌরনদী উপজেলার উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক মোঃ ইব্রাহীম। তিনি বলেন, শিক্ষার্থীদের নৈতিক শিক্ষা, দেশপ্রেম ও সৃজনশীল কর্মকাণ্ডে সম্পৃক্ততা বাড়াতে হবে। একইসঙ্গে বিদ্যালয়ের সার্বিক উন্নয়ন ও শিক্ষার মানোন্নয়নে প্রশাসনের সহযোগিতার আশ্বাস দেন।
পবিত্র কোরআন তেলাওয়াত ও জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। পরে শিক্ষার্থীদের পরিবেশনায় নৃত্য, গান, কবিতা আবৃত্তি ও নাটিকাসহ মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান দর্শকদের মুগ্ধ করে। বনভোজন পর্বে শিক্ষার্থী ও অতিথিরা মিলিতভাবে আনন্দঘন সময় উপভোগ করেন।
শেষ পর্বে ২০২৬ শিক্ষাবর্ষে কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জনকারী শিক্ষার্থীদের মাঝে মেধা পুরস্কার ও সনদপত্র বিতরণ করা হয়। এ সময় প্রধান অতিথি কৃতী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দিয়ে তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন।
বিদ্যালয় কর্তৃপক্ষ জানান, শিক্ষার্থীদের বহুমুখী প্রতিভা বিকাশ ও নৈতিক মানসিকতা গঠনের লক্ষ্যে প্রতিবছরই এ ধরনের আয়োজন করা হয়। সফল আয়োজনের জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন আয়োজকরা।
প্রাণবন্ত অংশগ্রহণ ও আনন্দঘন পরিবেশের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়।