ত্রয়োদশ সংসদ নির্বাচন ১৩ প্রার্থীর মধ্যে ৯ জনের জামানত বাজেয়াপ্ত বরগুনায়

হোম পেজ » লিড নিউজ » ত্রয়োদশ সংসদ নির্বাচন ১৩ প্রার্থীর মধ্যে ৯ জনের জামানত বাজেয়াপ্ত বরগুনায়
শনিবার ● ১৪ ফেব্রুয়ারী ২০২৬


 

১৩ প্রার্থীর মধ্যে ৯ জনের জামানত বাজেয়াপ্ত বরগুনায়

সাগরকন্যা প্রতিবেদক, বরগুনা 

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরগুনার দুটি সংসদীয় আসনে প্রতিদ্বন্দ্বিতা করা ১৩ জন প্রার্থীর মধ্যে ৯ জনের জামানত বাজেয়াপ্ত হয়েছে। জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা তাছলিমা আক্তার স্বাক্ষরিত ফলাফল শিট থেকে এ তথ্য জানা গেছে।

 

জেলা নির্বাচন কর্মকর্তা আতিকুল ইসলাম জানান, নির্বাচনী আইন অনুযায়ী প্রার্থীদের ট্রেজারি চালান, তফসিলি ব্যাংকের পে-অর্ডার বা পোস্টাল অর্ডারের মাধ্যমে ২৫ হাজার টাকা জামানত জমা দিতে হয়। কোনো প্রার্থী সংশ্লিষ্ট আসনে প্রদত্ত মোট ভোটের ন্যূনতম ১২ দশমিক ৫০ শতাংশ ভোট পেলে জামানত ফেরত পান, অন্যথায় তা বাজেয়াপ্ত হয়ে রাষ্ট্রীয় কোষাগারে জমা হয়।

 

বরগুনা-১ (বরগুনা সদর-আমতলী-তালতলী) আসনে চারজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। মোট ২ লাখ ৮৮ হাজার ৪৫১টি ভোটের মধ্যে জামানত রক্ষায় প্রয়োজন ছিল ৩৬ হাজার ৫৬ ভোট। জাতীয় পার্টি (জেপি) মনোনীত মো. জামাল হোসাইন পেয়েছেন ৯৮১ ভোট এবং খেলাফত মজলিসের প্রার্থী মো. জাহাঙ্গীর হোসাইন পেয়েছেন ৬ হাজার ২৩২ ভোট। নির্ধারিত ভোটের কম পাওয়ায় তাঁদের জামানত বাজেয়াপ্ত হয়েছে।

 

অন্যদিকে বরগুনা-২ (বামনা-বেতাগী-পাথরঘাটা) আসনে নয়জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। মোট ১ লাখ ৯৮ হাজার ১২১টি ভোটের বিপরীতে জামানত রক্ষায় প্রয়োজন ছিল ২৪ হাজার ৭৬৫ ভোট। জাতীয় পার্টির প্রার্থী আব্দুল লতিফ ফরাজী পেয়েছেন ১ হাজার ২৪৮ ভোট, বাংলাদেশ জাতীয় পার্টি (কাঁঠাল প্রতীক) মনোনীত মো. কামরুজ্জামান লিটন ১১৫ ভোট, ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. মিজানুর রহমান কাশেমি ১৬ হাজার ৪৬৩ ভোট, বাংলাদেশ কংগ্রেসের মো. সাব্বির আহমেদ ২১৯ ভোট, ন্যাশনাল পিপলস পার্টির মো. সোলায়মান ৯৫ ভোট, এনডিএমের সৈয়দ মো. নাজেস আফরোজ ২৯৪ ভোট এবং স্বতন্ত্র প্রার্থী রাশেদ উদ জামান ২৯৮ ভোট পান। আইন অনুযায়ী এসব প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়েছে।

 

রিটার্নিং কর্মকর্তা তাছলিমা আক্তার জানান, নির্ধারিত ভোটের কম পাওয়ায় সংশ্লিষ্ট প্রার্থীদের জামানতের অর্থ রাষ্ট্রীয় কোষাগারে জমা হবে।

বাংলাদেশ সময়: ১৮:৫৩:৪৭ ● ৫৮ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ