পটুয়াখালী-৪: ভোটারদের আস্থা ও মন্ত্রিত্বের প্রত্যাশা

হোম পেজ » মতামত » পটুয়াখালী-৪: ভোটারদের আস্থা ও মন্ত্রিত্বের প্রত্যাশা
শনিবার ● ১৪ ফেব্রুয়ারী ২০২৬


এবিএম মোশারফ হোসেন

মো. বেল্লাল হাওলাদার

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন শেষ হয়েছে। ছোটখাটো অভিযোগ থাকলেও শান্তিপূর্ণ ও সুন্দর নির্বাচন হয়েছে বলা যায়। নির্বাচনে বিএনপি সংখ্যাগরিষ্ঠতা অর্জনের পর চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে সরকার গঠন করতে যাচ্ছে। ইতিমধ্যে নতুন সরকারের সম্ভাব্য মন্ত্রিসভার রূপরেখা প্রায় চূড়ান্ত হয়েছে, যা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ঘোষিত না হওয়া তালিকায় দলের সিনিয়র নেতাদের অভিজ্ঞতার পাশাপাশি নতুন প্রজন্মের নেতৃত্বকেও গুরুত্বপূর্ণ স্থান দেওয়া হয়েছে। এই নতুন নেতৃত্বের মধ্যে পটুয়াখালী-৪ আসন থেকে বিপুল ভোটে নির্বাচিত বিএনপির কেন্দ্রীয় প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবিএম মোশারফ হোসেনকে মন্ত্রিসভায় রাখার দাবি উঠেছে এলাকার সর্বস্তরের মানুষের মধ্য থেকে।

 

এবিএম মোশারফ হোসেন তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী হাতপাখা প্রতীকের প্রার্থীকে বড় ব্যবধানে পরাজিত করে উপকূলীয় জনপদের মানুষের নেতা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর তিনি আনন্দ মিছিল বা বিজয় উৎসব থেকে বিরত থেকে মহান সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন এবং নির্বাচনী এলাকার ভোটারদের প্রতি ধন্যবাদ জানিয়েছেন। একই সঙ্গে এলাকার উন্নয়ন ও জনস্বার্থে প্রতিশ্রুতি বাস্তবায়নে তিনি সচেষ্ট থাকবেন বলে দৃঢ়তা ব্যক্ত করেছেন। এই মনোভাবের মাধ্যমে তিনি প্রতিহিংসা পরিহার ও দায়িত্বনিষ্ঠা প্রকাশ করেছেন, যা তাঁর নির্বাচনী এলাকার মানুষের কাছে ইতিবাচক বার্তা হিসেবে দেখা হচ্ছে।

 

নির্বাচনী ফলাফল ঘোষণার পর কলাপাড়া ও রাঙ্গাবালী উপজেলায় উৎসবমুখর পরিবেশ তৈরি হয়েছে। দলীয় কর্মী-সমর্থকদের পাশাপাশি সাধারণ ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো। এবারের নির্বাচনে প্রচলিত দলীয় বিভাজন অনেকাংশে ছাপিয়ে গেছে উন্নয়নকেন্দ্রিক প্রত্যাশার কারণে। বিভিন্ন শ্রেণি-পেশার ভোটার, এমনকি ভিন্ন রাজনৈতিক মতাদর্শের সমর্থকরাও এলাকার উন্নয়নের স্বার্থে তাঁকে সমর্থন করেছেন।

 

এবিএম মোশারফ হোসেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একজন গুরুত্বপূর্ণ নেতা হিসেবে বিগত সময় আন্দোলন-সংগ্রামে সক্রিয় ছিলেন, জেলও খেটেছেন এবং বিভিন্ন টেলিভিশন টকশোতে দলের পক্ষে জোরালো ভূমিকা রেখেছেন। রাজনৈতিক প্রতিকূলতার মধ্যেও তার ধারাবাহিক সক্রিয়তা তাঁকে মাঠপর্যায়ে পরীক্ষিত ও গ্রহণযোগ্য নেতা হিসেবে প্রতিষ্ঠিত করেছে। এই কারণে এলাকাবাসী মনে করেন, এমন একজন অভিজ্ঞ ও পরীক্ষিত নেতার মন্ত্রিত্ব পাওয়া উচিত।

 

উপকূলীয় পটুয়াখালী জেলার মানুষ মনে করেন, বিএনপির শীর্ষ নেতাদের মধ্যে তিনিও একজন। তিনি মরহুম বেগম খালেদা জিয়ার সঙ্গে আস্থা ও বিশ্বাসের সাথে কাজ করেছেন। জন প্রতিনিধি না হলেও জনগণের নেতা হিসেবে এলাকায় উন্নয়নমূলক কাজ করে রাজনীতিতে বিরল দৃষ্টান্ত স্থাপন করেছেন। বর্তমানে সরাসরি তারেক রহমানের সঙ্গে তার রাজনৈতিক সম্পর্ক এবং আস্থা রয়েছে। এই এলাকার মানুষের দুঃখ-কষ্ট, দুর্যোগ ও উন্নয়ন চাহিদা সম্পর্কে তার বাস্তব অভিজ্ঞতা এবং দীর্ঘদিনের কার্যক্রম আছে। সেই কারণে তাঁকে মন্ত্রী হিসেবে দেখতে চাওয়া এলাকার মানুষের স্বাভাবিক প্রত্যাশা।

 

নির্বাচনকালীন বিভিন্ন সভা-সমাবেশে নেতাকর্মীরা উল্লেখ করেছেন- যদি এবিএম মোশারফকে বিপুল ভোটে বিজয়ী করে সংসদে পাঠানো যায় এবং দলের শীর্ষ নেতৃত্বের কাছে তার বিগত দিনের কাজের বাস্তবতা তুলে ধরা হয়, তবে তিনি মন্ত্রী হিসেবে ডাক পাবেন বলে সবাই বিশ্বাস করেন।

 

সামাজিক যোগাযোগমাধ্যমে সম্ভাব্য মন্ত্রিসভার অনানুষ্ঠানিক তালিকা ঘুরে বেড়াচ্ছে; সেখানে এবিএম মোশাররফ হোসেনের নাম না থাকায় এলাকায় রীতিমত হতাশা দেখা দিয়েছে। যদিও তালিকাটির আনুষ্ঠানিক সত্যতা না থাকলেও বিষয়টি জনমনে আলোচনার জন্ম দিয়েছে।

 

পটুয়াখালী-৪ কেবল একটি সংসদীয় আসন নয়; এটি অর্থনীতি, পর্যটন ও অবকাঠামোগত দিক থেকে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ। পর্যটননগরী কুয়াকাটা সমুদ্র সৈকত দেশের অন্যতম আকর্ষণীয় সমুদ্রসৈকত। মহিপুর মৎস্য অবতরণ কেন্দ্র উপকূলীয় মৎস্য অর্থনীতির গুরুত্বপূর্ণ কেন্দ্র। এর সঙ্গে যুক্ত বিদ্যুৎ উৎপাদন অবকাঠামো ও সাবমেরিন কেবল সংযোগের মতো সুবিধা। সব মিলিয়ে এ অঞ্চলের উন্নয়ন সম্ভাবনা এবং প্রশাসনিক গুরুত্ব উভয়ই ব্যাপক।

 

স্থানীয় ব্যবসায়ী, জেলে সম্প্রদায়ের প্রতিনিধি ও পর্যটন সংশ্লিষ্টরা মনে করেন, মন্ত্রিপরিষদে সরাসরি প্রতিনিধিত্ব থাকলে বড় প্রকল্প বাস্তবায়ন, অবকাঠামো উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং বিনিয়োগ আকর্ষণে কাজের গতি বাড়বে। তারা স্মরণ করিয়ে দেন, বিগত আওয়ামী লীগ সরকারের সময় এ এলাকা থেকে দুই দফা প্রতিমন্ত্রী ছিলেন, যা প্রশাসনিক সমন্বয় ও প্রকল্প বাস্তবায়নে ইতিবাচক প্রভাব ফেলেছিল।

 

যদিও সম্ভাব্য মন্ত্রিসভা নিয়ে আনুষ্ঠানিক ঘোষণা না আসা পর্যন্ত সামাজিক যোগাযোগমাধ্যমভিত্তিক আলোচনা চূড়ান্ত হিসেবে ধরা যায় না, তবু একটি বিষয় স্পষ্ট- পটুয়াখালী-৪ জনপদের মানুষ উন্নয়ন, প্রতিনিধিত্ব এবং রাজনৈতিক মর্যাদার প্রশ্নে ক্রমেই সচেতন হয়ে উঠছেন।

 

উপকূলীয় অঞ্চলের উন্নয়ন এখন কেবল স্থানীয় ইস্যু নয়; এটি জাতীয় অর্থনীতি এবং জলবায়ু সহনশীলতার সঙ্গে যুক্ত। সব মিলিয়ে, পটুয়াখালী-৪-এর আলোচনার কেন্দ্রে রয়েছে তিনটি বিষয়- প্রতিনিধিত্ব, উন্নয়ন ও জনআকাঙ্ক্ষা। এবিএম মোশারফ হোসেনকে ঘিরে তৈরি হওয়া প্রত্যাশা কেবল ব্যক্তিকেন্দ্রিক নয়; এটি উপকূলীয় জনপদের দীর্ঘদিনের উন্নয়ন ভাবনা, রাজনৈতিক অংশগ্রহণ এবং ভবিষ্যৎ সম্ভাবনার প্রতিফলন। এই কারণেই বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের আলোচনায় তাকে মন্ত্রী হিসেবে দেখার আগ্রহ স্পষ্ট হয়ে উঠেছে।

 

লেখক: সাংবাদিক ও সংগঠক

বাংলাদেশ সময়: ১৯:৩১:২১ ● ১২৩ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ