নির্বাচন পরবর্তী সহিংসতায় কচুয়ায় নিহত ১

হোম পেজ » খুলনা » নির্বাচন পরবর্তী সহিংসতায় কচুয়ায় নিহত ১
শনিবার ● ১৪ ফেব্রুয়ারী ২০২৬


 

নির্বাচন পরবর্তী সহিংসতায় কচুয়ায় নিহত ১

সাগরকন্যা প্রতিবেদক, বাগেরহাট

বাগেরহাটের কচুয়া উপজেলায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন- পরবর্তী সহিংসতায় বিএনপির ‘বিদ্রোহী’ প্রার্থীর এক সমর্থক নিহত হয়েছেন। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় উপজেলার ধোপাখালী ইউনিয়নের ছিটাবাড়ি গ্রামে বিএনপি ও স্বতন্ত্র (বিদ্রোহী) প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে আহত হওয়ার পর শনিবার (১৪ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

 

নিহত ওসমান সরদার (২৯) বাগেরহাট সদর উপজেলার পার নওয়াপাড়া গ্রামের শাহজাহান সরদারের ছেলে। তিনি জেলা বিএনপির সাবেক সভাপতি ও স্বতন্ত্র (বিদ্রোহী) প্রার্থী এম এ এইচ সেলিমের সমর্থক ছিলেন। নিহতের বড় ভাই এনামুল কবির সরদার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

 

পরিবারের অভিযোগ, এলাকায় নির্বাচনী প্রতীক নিয়ে কথা কাটাকাটির জেরে প্রতিপক্ষের সমর্থকরা ধারালো অস্ত্র দিয়ে ওসমানের মাথায় আঘাত করেন। গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে বাগেরহাট সদর হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে চিকিৎসকেরা খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

 

সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

 

বাগেরহাট মডেল থানার অফিসার ইনচার্জ মো. মাসুম খান বলেন, ওসমান সরদারের মৃত্যুর খবর পেয়ে এলাকায় পুলিশ পাঠানো হয়েছে। লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

 

সংসদ নির্বাচনে বাগেরহাট-২ (সদর-কচুয়া) আসনে বিএনপির মনোনীত প্রার্থী ছিলেন শেখ মোহাম্মদ জাকির হোসেন। একই আসনে স্বতন্ত্র (বিদ্রোহী) প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেন এম এ এইচ সেলিম। উভয়েই পরাজিত হন এবং জামায়াত প্রার্থী শেখ মনজুরুল হক রাহাদ নির্বাচিত হন।

বাংলাদেশ সময়: ১৬:২৫:৫৪ ● ২১ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ