পটুয়াখালীর তিন নবনির্বাচিত সংসদ সদস্য, মন্ত্রিসভায় প্রবেশের জল্পনা

হোম পেজ » লিড নিউজ » পটুয়াখালীর তিন নবনির্বাচিত সংসদ সদস্য, মন্ত্রিসভায় প্রবেশের জল্পনা
শনিবার ● ১৪ ফেব্রুয়ারী ২০২৬


 

পটুয়াখালীর তিন নবনির্বাচিত সংসদ সদস্য, মন্ত্রিসভায় প্রবেশের জল্পনা

সাগরকন্যা প্রতিবেদক, পটুয়াখালী

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পটুয়াখালীর চারটি আসনের মধ্যে বিএনপি ও বিএনপি জোটের তিনজন প্রার্থী জয়ী হয়েছেন। পটুয়াখালী-১ আসনে বিজয়ী হয়েছেন বিএনপির মনোনীত প্রার্থী, কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক স্বরাষ্ট্র ও বাণিজ্য মন্ত্রী এয়ার ভাইস মার্শাল (অবঃ) আলহাজ্ব আলতাফ হোসেন চৌধুরী। পটুয়াখালী-৪ আসনে নির্বাচিত হয়েছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেন ও পটুয়াখালী-৩ আসনে জয়ী হয়েছেন গণ অধিকার পরিষদ (জিওপি) এর সভাপতি, ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর।

 

এই তিনজনই হেভিওয়েট প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করে জয়লাভ করেছেন। নির্বাচনের পর থেকে তাদের সংসদীয় এলাকায় মন্ত্রিসভায় প্রবেশের সম্ভাবনা নিয়ে জল্পনা শুরু হয়েছে। জানা গেছে, ২০০১ সালের জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী হয়ে ৪ দলীয় জোট সরকার গঠন করেন, এবং সেই সরকারের মন্ত্রিসভায় পটুয়াখালী-১ থেকে নির্বাচিত আলতাফ হোসেন চৌধুরী স্বরাষ্ট্র ও বাণিজ্য মন্ত্রীর দায়িত্ব পালন করেছিলেন।

 

অন্যদিকে, তুখোড় ছাত্রনেতা থেকে জননেতা হিসেবে অভিজ্ঞতা সমৃদ্ধ এবিএম মোশাররফ হোসেন দীর্ঘদিন রাজপথে সক্রিয় ছিলেন। তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এক জনসভায় উল্লেখ করেছিলেন, মোশাররফ নির্বাচিত হলে তাকে মন্ত্রী হিসেবে বিবেচনা করা হবে। নুরুল হক নুর কোটা বিরোধী আন্দোলন থেকে শুরু করে ডাকসুর ভিপি হয়ে গণঅধিকার পরিষদ গঠন করেছেন এবং এবার প্রথমবারের মতো সংসদ সদস্য হয়েছেন।

 

স্থানীয় মানুষের প্রত্যাশা, পটুয়াখালী-১, পটুয়াখালী-৩ ও পটুয়াখালী-৪ আসনের এই তিন সংসদ সদস্যই মন্ত্রিসভায় স্থান লাভ করবেন। মন্ত্রী হলে তারা পটুয়াখালী জেলায় ব্যাপক উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনা করে জনগণের চাহিদা পূরণ করতে সক্ষম হবেন।

 

ঐতিহাসিক প্রেক্ষাপট অনুযায়ী, পটুয়াখালী-১ আসনে ১৯৯১ ও ২০০১ সালের নির্বাচনের পর বিএনপি ও ৪ দলীয় জোট সরকার গঠিত হলে ডাক ও টেলিযোগাযোগ, স্বরাষ্ট্র ও বাণিজ্য মন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়েছিল। ২০০৮ সালের নির্বাচনের পর আওয়ামী লীগ সরকার গঠিত হলে ধর্ম মন্ত্রীর দায়িত্ব প্রদান করা হয়। পটুয়াখালী-৩ আসনে ১৯৯৬ সালে আওয়ামী লীগ সরকার বস্ত্র প্রতিমন্ত্রী দেন। পটুয়াখালী-৪ আসনে ২০০৮ সালের পরে পানি সম্পদ প্রতিমন্ত্রী ও পরবর্তীতে ত্রাণ ও দুর্যোগ প্রতিমন্ত্রী দায়িত্ব পালন করেছেন।

বাংলাদেশ সময়: ১৬:০৮:১৮ ● ৩০ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ