
সাগরকন্যা প্রতিবেদক, নেছারাবাদ (পিরোজপুর)
পিরোজপুরের নেছারাবাদে সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে কুখ্যাত মাদক কারবারি রাসেল হাওলাদার (৩৫) ও তার স্ত্রী নাসরীন আক্তার (৩০) কে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) ভোররাতে নেছারাবাদ আর্মি ক্যাম্পের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
আটক রাসেল হাওলাদার ওরফে ‘সানস্টার রাসেল’ স্বরূপকাঠী পৌরসভার জগৎপট্টি গ্রামের মৃত আবুল কালামের ছেলে।
সেনাবাহিনী সূত্রে জানা যায়, গোপন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে দীর্ঘদিন নজরদারিতে থাকা রাসেল হাওলাদার ও তার স্ত্রী এলাকায় মাদক ক্রয়-বিক্রয় ও সরবরাহের সঙ্গে জড়িত ছিল। এরই ধারাবাহিকতায় বুধবার দিবাগত রাত ৩টার দিকে তাদের নিজ বাসায় সেনাবাহিনী ও পুলিশের সমন্বয়ে একটি বিশেষ অভিযান চালানো হয়।
অভিযানকালে বাড়িতে তল্লাশি চালিয়ে তাদের হেফাজত থেকে বিপুল পরিমাণ মাদকদ্রব্য, দেশীয় ধারালো অস্ত্র এবং অপরাধমূলক কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে রাসেল হাওলাদার এলাকায় মাদক ক্রয়-বিক্রয় ও সেবনের সঙ্গে জড়িত একাধিক ব্যক্তির নাম প্রকাশ করেছে বলে জানা গেছে।
উদ্ধারকৃত আলামতের মধ্যে রয়েছে- ৩৩০ পিস ইয়াবা ট্যাবলেট, ৭ গ্রাম গাঁজা, অপরাধমূলক কাজে ব্যবহৃত ১টি পাওয়ার ব্যাংক, ১২টি মোবাইল ফোন ও ৫টি সিম কার্ড, নিজস্ব নিরাপত্তা পর্যবেক্ষণে ব্যবহৃত ২টি সিসি ক্যামেরা ও ১টি মেমোরি কার্ড, মদ ও সিসা সেবনের বিভিন্ন সরঞ্জাম, ৬টি গ্রাইন্ডিং মেশিন, ১টি জঙ্গল নাইফ, মদের বোতল এবং ৩৬ পিস অ্যালুমিনিয়াম ফয়েল।
গ্রেপ্তারকৃত দম্পতি ও জব্দকৃত সকল আলামত পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য আজ বৃহস্পতিবার সকালে নেছারাবাদ থানায় হস্তান্তর করা হয়েছে।
নেছারাবাদ থানার ওসি মো. মেহেদী হাসান জানান, পুলিশ ও সেনাবাহিনীর যৌথ অভিযানে রাসেল হাওলাদার ও তার স্ত্রীকে তাদের বাসা থেকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে মামলা দায়ের শেষে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।