জামায়াতের অপপ্রচারের প্রতিবাদে দক্ষিণ আইচা থানা বিএনপির সংবাদ সম্মেলন

হোম পেজ » ভোলা » জামায়াতের অপপ্রচারের প্রতিবাদে দক্ষিণ আইচা থানা বিএনপির সংবাদ সম্মেলন
শুক্রবার ● ২৩ জানুয়ারী ২০২৬


 

জামায়াতের অপপ্রচারের প্রতিবাদে দক্ষিণ আইচা থানা বিএনপির সংবাদ সম্মেলন

সাগরকন্যা প্রতিবেদক, চরফ্যাশন (ভোলা)

ভোলার চরফ্যাশন উপজেলার দক্ষিণ আইচা থানা এলাকায় একটি পারিবারিক ঘটনাকে রাজনৈতিক ইস্যুতে রূপ দেওয়ার চেষ্টা এবং বিএনপির বিরুদ্ধে জামায়াতের অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে দক্ষিণ আইচা থানা বিএনপি।

 

শুক্রবার (২৩ জানুয়ারি) বেলা ১১টার দিকে দক্ষিণ আইচা প্রেসক্লাব কার্যালয়ে থানা বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

 

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন চরফ্যাশন উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও চরমানিকা ইউনিয়নের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের নির্বাচন সমন্বয়কারী কাজী মঞ্জুর হোসেন। তিনি বলেন, গত ১৯ জানুয়ারি সকাল ৯টার দিকে চরমানিকা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের চামেলী আবাসন প্রকল্পের বাসিন্দা হাজেরা বেগমের সঙ্গে তাঁর প্রতিবেশী মো. শাহাবুদ্দিনের মধ্যে যে মারামারির ঘটনা ঘটে, তা সম্পূর্ণ পারিবারিক ও সামাজিক বিরোধজনিত। এর সঙ্গে কোনো রাজনৈতিক দল, আদর্শ বা বিএনপির কোনো সম্পৃক্ততা নেই। তিনি আরও দাবি করেন, মো. শাহাবুদ্দিন বিএনপির কোনো কর্মী নন।

 

তিনি বলেন, ঘটনার পাঁচ দিন অতিবাহিত হলেও ভুক্তভোগী হাজেরা বেগম থানায় কোনো লিখিত অভিযোগ দায়ের করেননি। অথচ এই সময়ের মধ্যে জামায়াতে ইসলামীর কয়েকজন নারী কর্মী তাঁকে হাসপাতালে দিনরাত পাহারায় রেখেছেন। এতে প্রমাণিত হয়, জামায়াতে ইসলাম উদ্দেশ্যপ্রণোদিতভাবে ঘটনাটিকে রাজনৈতিকভাবে উপস্থাপন করে স্থানীয় বিএনপির বিরুদ্ধে মিথ্যা ও বিভ্রান্তিকর অপপ্রচার চালাচ্ছে, যা রাজনৈতিক শিষ্টাচারের পরিপন্থী। হাজেরা বেগমের ঘটনার সঙ্গে বিএনপিকে জড়ানোর চেষ্টা সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন বলেও দাবি করেন তিনি।

 

কাজী মঞ্জুর হোসেন আশঙ্কা প্রকাশ করে বলেন, এ ধরনের অপপ্রচার সামাজিক শান্তি ও স্থিতিশীলতা বিনষ্ট করতে পারে। তিনি অবিলম্বে এ অপপ্রচার বন্ধের দাবি জানান এবং প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলেন, অপপ্রচারের উৎস চিহ্নিত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা উচিত। তিনি আরও বলেন, রাজনীতি মানুষের কল্যাণ ও মানবিকতার পক্ষে হওয়া উচিত, ব্যক্তিগত পারিবারিক বিরোধকে রাজনৈতিক ইস্যু বানিয়ে সমাজে বিভ্রান্তি ছড়ানো সুস্থ রাজনীতির পরিপন্থী।

 

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি নেতা এডভোকেট শাহাবুদ্দিন মালতিয়া, রিপন মহাজন, এসএম জসিমউদ্দীন, দক্ষিণ আইচা থানা বিএনপির সাবেক সভাপতি প্রভাষক রেজাউল করিম খন্দকার, আবুল কাশেম শাহ, সিরাজুল ইসলাম সবুজ খাঁন, থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম ফারুক মাস্টারসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

 

এ বিষয়ে জামায়াত নেতা মীর মোহাম্মদ শরীফ হোসাইন বলেন, তাদের বিরুদ্ধে আনা অভিযোগ সঠিক নয়।

বাংলাদেশ সময়: ১৮:২৭:৩৪ ● ১১৪ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ