মোংলায় বিদেশি জাহাজ আটক

হোম পেজ » লিড নিউজ » মোংলায় বিদেশি জাহাজ আটক
বুধবার ● ১৪ জানুয়ারী ২০২৬


 

পানামা পতাকাবাহী ‘এম ভি এইচটিপি আম্বার

সাগরকন্যা প্রতিবেদক, বাগেরহাট

মামলা সংক্রান্ত জটিলতার কারণে পানামা পতাকাবাহী ‘এম ভি এইচটিপি আম্বার’ নামের একটি বিদেশি জাহাজ মোংলা বন্দরে আটক করা হয়েছে। গত বৃহস্পতিবার (৮ জানুয়ারি) সার আমদানিকারক প্রতিষ্ঠান ‘খাঁন ইন্টারন্যাশনাল ট্রেডিং’ কর্তৃক দায়ের করা ক্ষতিপূরণ মামলায় উচ্চ আদালত এ আদেশ দেন। তবে বন্দরের হারবার বিভাগ জানিয়েছে, জাহাজ থেকে নিয়মিতভাবে পণ্য খালাস করা হচ্ছে।

 

জাহাজটি গত ২৭ ডিসেম্বর ৯ হাজার ৬০০ মেট্রিকটন সার নিয়ে মোংলা বন্দরে নোঙর করে। জাহাজের বাংলাদেশের শিপিং এজেন্ট কসমস শিপিং লাইন্স লিমিটেড এর মহা-ব্যবস্থাপক সিরাজুল ইসলাম জানান, ভারতের পারাদ্বীপ বন্দর থেকে ২৪ ডিসেম্বর সার বোঝাই করা জাহাজটি ২৭ ডিসেম্বর মোংলা বন্দরে আসে। যশোরের নওয়াপাড়ার ‘খাঁন ইন্টারন্যাশনাল ট্রেডিং’ প্রতিষ্ঠানটি এই সার আমদানি করেছে।

 

সিরাজুল ইসলাম বলেন, আমদানিকারক প্রতিষ্ঠান সার সময় মতো খালাস করতে না পারায় জাহাজ কর্তৃপক্ষের বিরুদ্ধে অ্যাডমিরালটি স্যুট (সামুদ্রিক আইন) ১/২০২৬ আইনে ৮ জানুয়ারি উচ্চ আদালতে মামলা দায়ের করা হয়। এরপর ৯ জানুয়ারি মোংলা বন্দর কর্তৃপক্ষকে জাহাজ আটক রাখার নির্দেশনা দেওয়া হয়। বর্তমানে জাহাজটি বন্দরের বেসক্রিক-৪ নম্বর বয়ায় নোঙর অবস্থায় রয়েছে।

 

খাঁন ইন্টারন্যাশনাল ট্রেডিং এর পরিচালক সোহাগ আহমেদ খাঁন বলেন, প্রথম দিনে এক হাজার মেট্রিকটন সার খালাস হলেও পরের ১২ দিনে জাহাজ কর্তৃপক্ষ খালাস বন্ধ করে দেয়। এতে প্রতিষ্ঠানটি বড় ধরনের আর্থিক ক্ষতির সম্মুখীন হয়। তিনি আরও জানান, জাহাজ ভাড়াকারী প্রতিষ্ঠান মুরালি ট্রেডিং এবং জাহাজ কর্তৃপক্ষের মধ্যে ভাড়া সংক্রান্ত জটিলতার কারণে তারা ক্ষতিগ্রস্ত হয়েছেন।

 

সোহাগ আহমেদ খাঁন বলেন, যদি ১২ দিনের সার খালাস বন্ধের ক্ষতিপূরণ প্রদান করা হয়, তবে মামলাটি প্রত্যাহার করা হবে।

 

প্রসঙ্গত, ২০২৩ সালে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের কয়লা আনার জন্য লাইব্রেরিয়ার পতাকাবাহী এমভি পানাগিয়া কানালা জাহাজও উচ্চ আদালতের নির্দেশে আটক ছিল। মোংলা বন্দরে বিদেশি জাহাজ আটক হওয়া সাধারণত ব্যবসায়িক বিরোধ বা নিরাপত্তা সংক্রান্ত কারণে ঘটে থাকে এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষ পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখে।

বাংলাদেশ সময়: ১৩:৫৬:৩২ ● ৯৯ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ