
সাগরকন্যা প্রতিবেদক, বাবুগঞ্জ (বরিশাল)
বরিশালে ‘অপারেশন ডেভিল হান্ট ফেজ-২’-এর অংশ হিসেবে বাবুগঞ্জ উপজেলার ৩ নম্বর দেহেরগতি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মশিউর রহমানকে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) গ্রেফতার করেছে। তিনি ওই ইউনিয়নের তিনবার নির্বাচিত চেয়ারম্যান এবং উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতির দায়িত্বে রয়েছেন।
মঙ্গলবার দিবাগত রাতে নগরীর নিজ বাসা থেকে তাকে গ্রেফতার করে ডিবি পুলিশ। পরে বাবুগঞ্জ থানা পুলিশের হেফাজতে নেওয়া হয়।
বাবুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মো. এহতেশামুল ইসলাম গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, ‘অপারেশন ডেভিল হান্ট ফেজ-২’-এর আওতায় বিশেষ অভিযানে তাকে গ্রেফতার করা হয়েছে।
ওসি জানান, মশিউর রহমানকে ২০১৮ সালে ভোটকেন্দ্র দখল ও ভোট ডাকাতির অভিযোগে বাবুগঞ্জ থানায় দায়ের করা একটি মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। এছাড়া বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে সংঘটিত বিভিন্ন ঘটনায় বরিশাল কোতোয়ালি থানায় তার বিরুদ্ধে মামলা রয়েছে। তিনি বলেন, আইনগত প্রক্রিয়া শেষে সকালে তাকে আদালতে পাঠানো হয়েছে।
ওই ভোটকেন্দ্র দখলের মামলার উল্লেখযোগ্য অন্যান্য আসামি হিসেবে আছেন বরিশাল-৩ (বাবুগঞ্জ-মুলাদী) আসনের সাবেক সংসদ সদস্য ও জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য গোলাম কিবরিয়া টিপু, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এসএম খালেদ হোসেন স্বপন, জাতীয় পার্টির সাবেক সভাপতি মুকিতুর রহমান কিসলু, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মৃধা মুহাম্মদ আক্তার উজ জামান মিলন, সাবেক এমপি শেখ মুহাম্মদ টিপু সুলতান, গ্রেফতার মশিউর রহমানের ভাই আতিকুর রহমান, সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান ফারজানা বিনতে ওহাব, কাজী ইমদাদুল হক দুলাল, সাবেক মাধবপাশা ইউপি চেয়ারম্যান সিদ্দিকুর রহমানসহ ১২ জন।