খতিয়ে দেখবেন ইউএনও আগৈলঝাড়ায় অফিস সময়েও প্রবেশ বন্ধ, কক্ষে বসেই কাজের অভিযোগ

হোম পেজ » বরিশাল » খতিয়ে দেখবেন ইউএনও আগৈলঝাড়ায় অফিস সময়েও প্রবেশ বন্ধ, কক্ষে বসেই কাজের অভিযোগ
সোমবার ● ১২ জানুয়ারী ২০২৬


 

আগৈলঝাড়ায় অফিস সময়েও প্রবেশ বন্ধ, কক্ষে বসেই কাজের অভিযোগ

সাগরকন্যা প্রতিবেদক, আগৈলঝাড়া (বরিশাল)

বরিশালের আগৈলঝাড়া উপজেলা নির্বাহী অফিস ভবনের চতুর্থ তলায় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়ের প্রবেশপথে চেয়ার, টেবিল ও রশি টানিয়ে চলাচল বন্ধ রাখার অভিযোগ উঠেছে। প্রবেশমুখে ‘অফিসের উন্নয়ন কাজ চলমান’ লেখা ঝুলিয়ে রেখে কক্ষের ভেতরে বসেই অফিস করছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা অয়ন সাহা। এ ঘটনায় সেবা নিতে এসে অনেক সাধারণ মানুষ ও উন্নয়ন প্রকল্প সংশ্লিষ্টরা ফিরে যেতে বাধ্য হন।

 

সোমবার (১২ জানুয়ারি) সকালে উপজেলার বিভিন্ন এলাকা থেকে উন্নয়ন প্রকল্পের সভাপতি ও সাধারণ সেবাগ্রহীতারা দপ্তরে এসে প্রবেশপথে রশি টানানো দেখে ক্ষোভ প্রকাশ করেন। সেবা নিতে এসে কর্মকর্তার সঙ্গে দেখা করতে না পেরে গৈলা গ্রামের শাহাবুদ্দিন সরদার হতাশা প্রকাশ করে ফিরে যান। এছাড়া নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন উন্নয়ন প্রকল্পের সভাপতি অভিযোগ করেন, সরকারি অফিস সময় সকাল ৯টা থেকে বিকেল ৪টা হলেও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নিয়ম অনুসরণ না করে ইচ্ছেমতো দায়িত্ব পালন করছেন।

 

অভিযোগের বিষয়ে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা অয়ন সাহা চেয়ার-টেবিল ও রশি টানানোর বিষয়টি অস্বীকার করে বলেন, অফিস কক্ষ পরিবর্তনের কারণে এমন পরিস্থিতি তৈরি হয়েছিল। তবে তিনি অফিসেই ছিলেন এবং আগত বহু সেবাগ্রহীতাকে সেবা দিয়েছেন বলে দাবি করেন। এ বিষয়ে আগৈলঝাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা লিখন বনিক জানান, অফিসের উন্নয়ন বা অভ্যন্তরীণ কাজের কারণে সাময়িকভাবে এমন হতে পারে, তবে বিষয়টি তিনি খতিয়ে দেখছেন।

বাংলাদেশ সময়: ১৭:০৫:২৮ ● ১১৬ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ