
সাগরকন্যা প্রতিবেদক, মির্জাগঞ্জ (পটুয়াখালী)
বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস-চেয়ারম্যান ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী এয়ার ভাইস মার্শাল (অব.) আলহাজ্ব আলতাফ হোসেন চৌধুরী বলেছেন, মরহুমা বেগম খালেদা জিয়া একটি ইতিহাস- তার নাম স্বর্ণাক্ষরে লেখা থাকবে। তিনি আমাদের ঋণী করে গেছেন, কারও কাছে তিনি ঋণী নন।
শনিবার (১০ জানুয়ারি) বিকেলে পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলা কেন্দ্রীয় ঈদগাঁ মাঠে বিএনপি চেয়ারপারসন ও সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় আয়োজিত দোয়া ও মিলাদ মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনগুলোর উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
আলতাফ হোসেন চৌধুরী বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ইন্তেকালের সময় খালেদা জিয়া রাজনীতিতে ছিলেন না; সেখান থেকে উঠে এসে তিনি পাঁচটি আসনে নির্বাচন করেছেন এবং কখনও পরাজিত হননি- এটিও ইতিহাস। তিনি অভিযোগ করেন, ফ্যাসিস্ট সরকার খালেদা জিয়াকে বিদেশে চিকিৎসার সুযোগ দেয়নি এবং এতিমের অর্থ আত্মসাতের মামলায় সাজা দিয়ে তাকে রাজনৈতিকভাবে দমন করার চেষ্টা করেছে, যা নজিরবিহীন।
তিনি আরও বলেন, নারী শিক্ষার উন্নয়ন ছাড়া দেশের অগ্রগতি সম্ভব নয়। সেই লক্ষ্যেই বেগম খালেদা জিয়া নারী শিক্ষাকে বিনামূল্যে করার উদ্যোগ নিয়েছিলেন, যাতে নারীরা সুশিক্ষিত হয়ে জাতি গঠনে ভূমিকা রাখতে পারে।
উপজেলা বিএনপির সভাপতি মো. শাহাবুদ্দিন নান্নুর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিএনপির সাবেক সভাপতি আলহাজ্ব মো. আশ্রাফ আলী হাওলাদার। ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. হারুন অর রশিদ মুন্সীর সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. মোবারক আলী মুন্সী, সিনিয়র সহ-সভাপতি আহসান উল্লাহ পিন্টু, সাবেক অধ্যাপক অ্যাডভোকেট মো. মোস্তাফিজুর রহমান, মো. গোলাম ফারুক মুন্সী, মো. আমিনুল ইসলাম খোকন, সাবেক যুবদলের আহ্বায়ক মো. জাহাঙ্গীর আলম ফরাজী, উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা মোহাম্মদ সিরাজুল হকসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
অনুষ্ঠান শেষে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মির্জাগঞ্জ কোর্ট মসজিদের ইমাম হাফেজ মাওলানা আফজাল হোসেন বরকুতল্লাহ।