জমির বিরোধ আমতলীতে ভাইয়ের ছুরিকাঘাতে ভাই খুন, ঘাতক গ্রেপ্তার

হোম পেজ » লিড নিউজ » জমির বিরোধ আমতলীতে ভাইয়ের ছুরিকাঘাতে ভাই খুন, ঘাতক গ্রেপ্তার
শনিবার ● ১০ জানুয়ারী ২০২৬


 

জমির বিরোধ আমতলীতে ভাইয়ের ছুরিকাঘাতে ভাই খুন, ঘাতক গ্রেপ্তার

সাগরকন্যা প্রতিবেদন, আমতলী (বরগুনা)

বরগুনার আমতলী উপজেলার উত্তর তক্তাবুনিয়া গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জেরে চাচাতো ভাইয়ের ছুরিকাঘাতে জহিরুল সিকদার (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। শনিবার (১০ জানুয়ারি) দুপুরে এ ঘটনা ঘটে। ঘটনার পর পুলিশ অভিযুক্ত চাচাতো ভাই মুনসুর সিকদারকে আটক করেছে।

 

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, উত্তর তক্তাবুনিয়া গ্রামের ফরিদ সিকদার ও মুনসুর সিকদারের মধ্যে দীর্ঘদিন ধরে ১০ শতাংশ জমি নিয়ে বিরোধ চলছিল। শনিবার বেলা ১১টার দিকে ফরিদ সিকদার ওই জমিতে চাষাবাদ করতে গেলে মুনসুর সিকদার ছুরি নিয়ে তাকে ধাওয়া করেন এবং ছুরি নিক্ষেপ করলে তা ফরিদের পায়ে লাগে। ফরিদের ডাকচিৎকারে তাকে রক্ষা করতে চাচাতো ভাই জহিরুল সিকদার এগিয়ে এলে মুনসুর সিকদার জহিরুলকে পেটে ছুরিকাঘাত করে। গুরুতর আহত অবস্থায় স্বজনরা তাকে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

 

প্রত্যক্ষদর্শী সজিব সিকদার অভিযোগ করে বলেন, জমি নিয়ে বিরোধের জেরেই মুনসুর সিকদার এই হামলা চালান এবং তার বাবা ফরিদ সিকদারকে রক্ষা করতে গিয়ে চাচা জহিরুল সিকদার নিহত হন।

 

আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. রাশেদ মাহমুদ রোকনুজ্জামান জানান, নিহত ব্যক্তি হাসপাতালে আনার আগেই মারা গেছেন এবং তার পেটে ছুরিকাঘাতের চিহ্ন পাওয়া গেছে।

 

সহকারী পুলিশ সুপার মো. তারিকুল ইসলাম মাসুম জানান, ঘটনার পরপরই ঘাতক মুনসুর সিকদারকে আটক করা হয়েছে এবং ব্যবহৃত ছুরিটি জব্দ করা হয়েছে। আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

বাংলাদেশ সময়: ১৮:৫১:১৩ ● ১৩১ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ