
সাগরকন্যা প্রতিবেদক, কুয়াকাটা (পটুয়াখালী)
পটুয়াখালীর কুয়াকাটায় নিজ বাসায় পতিতাদের আশ্রয় দিয়ে পতিতাবৃত্তিতে সহায়তার অভিযোগে কুয়াকাটা পৌরসভার ৫ নম্বর ওয়ার্ড জামায়াতে ইসলামীর সভাপতি মো. আ. হালিমকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।
সোমবার সন্ধ্যার পর কুয়াকাটা প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করে বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করেন কুয়াকাটা পৌর জামায়াতের আমির মাওলানা মো. শহীদুল ইসলাম। তিনি জানান, অভিযোগের প্রেক্ষিতে বিশেষ রোকন বৈঠক আহ্বান করা হয়। বৈঠকে কুয়াকাটা পৌর জামায়াত ও কলাপাড়া উপজেলা জামায়াতের শীর্ষস্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এর আগে রবিবার জামায়াতে ইসলামীর আয়োজিত বিশেষ রোকন বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেও জানানো হয়। সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, উত্থাপিত অভিযোগ ও প্রাপ্ত তথ্য পর্যালোচনা করে দেখা যায়, অভিযুক্ত নেতার কর্মকাণ্ড জামায়াতে ইসলামীর নীতিমালা ও আদর্শের পরিপন্থী। সাংগঠনিক শৃঙ্খলা ও আদর্শ রক্ষার স্বার্থে তাকে দল থেকে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন কুয়াকাটা পৌর জামায়াতের সাবেক আমির আলহাজ মাওলানা মোহাম্মদ মাঈনুল ইসলাম মন্নান, লতাচাপলী ইউনিয়ন জামায়াতের আমির রাসেল মুসুল্লি, পৌর জামায়াতের সেক্রেটারি মাওলানা আল আমিন মৃধা, যুব জামায়াতের সভাপতি হেমায়েত উদ্দিন সিকদার এবং ৩ নম্বর ওয়ার্ড জামায়াতের সেক্রেটারি শাহাবুদ্দিন ফরাজি।
এ সময় সাবেক আমির আলহাজ মাওলানা মোহাম্মদ মাঈনুল ইসলাম মন্নান বলেন, জামায়াতে ইসলামী একটি আদর্শভিত্তিক সংগঠন। এখানে ব্যক্তির চেয়ে সংগঠনের আদর্শ ও নৈতিকতা বেশি গুরুত্বপূর্ণ। কোনো নেতার বিরুদ্ধে অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ উঠলে তা গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হয়। সংগঠনের সুনাম ও আদর্শ রক্ষার স্বার্থেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
কলাপাড়া উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা মোহাম্মদ আব্দুল কাইয়ুম বলেন, অভিযোগের ভিত্তিতে বিশেষ রোকন বৈঠক ডেকে কুয়াকাটা পৌর ৫ নম্বর ওয়ার্ড সভাপতিকে বহিষ্কার করা হয়েছে। জামায়াতে ইসলাম করতে হলে অবশ্যই দলীয় নীতিমালা ও সাংগঠনিক নিয়ম-কানুন মেনে চলতে হয়।
অভিযোগের বিষয়ে মো. আ. হালিম বলেন, তার বাসায় ছয়টি পরিবার ভাড়ায় বসবাস করে। এর মধ্যে একটি বাসায় মা-মেয়ে পরিচয়ে চারজন নারী প্রায় দুই মাস আগে ভাড়া নেয়। তারা কোথায় কী কাজ করে, সে বিষয়ে তার কোনো ধারণা ছিল না। কোনো আলোচনা ছাড়াই তাকে বহিষ্কার করা হয়েছে বলে দাবি করেন তিনি। তার বিরুদ্ধে আনা অভিযোগ সম্পূর্ণ মিথ্যা উল্লেখ করে তিনি বলেন, এ বিষয়ে শিগগিরই সংবাদ সম্মেলন করবেন।
সংবাদ সম্মেলনে জামায়াত নেতারা আরও জানান, ভবিষ্যতে সংগঠনের আদর্শ ও নৈতিকতার পরিপন্থী যেকোনো কর্মকাণ্ডের বিরুদ্ধে জামায়াতে ইসলামী কঠোর অবস্থানে থাকবে।