
সাগরকন্যা প্রতিনিধি, বাবুগঞ্জ (বরিশাল)
বরিশাল-৩ (বাবুগঞ্জ-মুলাদী) আসনের প্রার্থী ও আমার বাংলাদেশ (এবি) পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদের বিরুদ্ধে ঝাড়ু মিছিল, বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ করেছে মীরগঞ্জ এলাকার স্থানীয় বাসিন্দারা। বুধবার (১০ ডিসেম্বর) বিকেল ৪টায় মীরগঞ্জ বাজারে এ বিক্ষোভ শুরু হয়।
রহমতপুর–মীরগঞ্জ সড়ক প্রদক্ষিণ করে মিছিলটি ফেরিঘাটে গিয়ে শেষ হয়। এরপর সেখানে অনুষ্ঠিত প্রতিবাদ সভায় অংশ নেন মীরগঞ্জ ও বাবুগঞ্জ এলাকার শতাধিক নারী-পুরুষ। তারা ব্যারিস্টার ফুয়াদের সাম্প্রতিক বক্তব্যের নিন্দা জানিয়ে অবিলম্বে বক্তব্য প্রত্যাহার ও তাঁর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
বিক্ষোভকারীরা বলেন, বাবুগঞ্জের সাধারণ মানুষকে চাঁদাবাজ ও সন্ত্রাসী হিসেবে উপস্থাপনের অপচেষ্টা এলাকার মানুষের সম্মানহানি। তাঁরা ব্যারিস্টার ফুয়াদের ‘অমূলক ও অপপ্রচারমূলক’ বক্তব্যের দৃষ্টান্তমূলক শাস্তি এবং এলাকার মানুষের কাছে নিঃশর্ত ক্ষমার দাবি জানান। অন্যথায় আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন।
এসময় নাজমা বেগম, খাদিজা বেগম, সুখি বেগম, মিনারা বেগমসহ স্থানীয় বহু নারী-পুরুষ বিক্ষোভে অংশ নেন।
এর আগে ৭ ডিসেম্বর আড়িয়াল খাঁ নদে মীরগঞ্জ সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ সাংবাদিকদের বলেন, স্থানীয়দের ‘চাঁদা দাবির’ কারণে সেতুর কাজ স্থগিত ছিল। এ বক্তব্য ঘিরে স্থানীয় ও বিএনপির নেতা-কর্মীরা ক্ষোভ প্রকাশ করে তাঁকে উদ্দেশ্য করে ‘ভুয়া ভুয়া’ স্লোগান দেন এবং ধাওয়া করেন। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে তিনি দ্রুত গাড়িতে উঠে স্থান ত্যাগ করেন।
প্রসঙ্গত, বরিশাল-৩ (বাবুগঞ্জ-মুলাদী) আসনে এবি পার্টির প্রার্থী হয়েছেন দলের সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। তিনি বিভিন্ন উন্নয়ন কার্যক্রমে নিজেকে সম্পৃক্ত রাখার কথা পূর্বেও জানিয়েছেন।
এএ/এমআর