রাজধানীতে প্রাণের মেলার কাব্য সম্মেলন অনুষ্ঠিত

হোম পেজ » সর্বশেষ » রাজধানীতে প্রাণের মেলার কাব্য সম্মেলন অনুষ্ঠিত
শুক্রবার ● ৫ ডিসেম্বর ২০২৫


 

রাজধানীতে প্রাণের মেলার কাব্য সম্মেলন অনুষ্ঠিত

সাগরকন্যা নিজস্ব প্রতিবেদক

ঢাকায় অনুষ্ঠিত হয়েছে প্রাণের মেলা জাতীয় কবি পরিষদের ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী ও কাব্য সম্মেলন ২০২৫। শুক্রবার সেগুনবাগিচার কেন্দ্রীয় কচিকাঁচার মিলনায়তনে আয়োজিত এ সম্মেলনে দেশের বিভিন্ন প্রান্ত থেকে অংশ নেন কবি, সাহিত্যিক ও গবেষকরা।

শুক্রবার বিকেল তিনটা থেকে রাত অবধি আয়োজনটি রূপ নেয় কবি-সাহিত্যিকদের প্রাণের মিলনমেলায়। রঙিন সাজসজ্জা, কবির সমাবেশ, আবৃত্তি ও সংগীত পরিবেশনায় পুরো মিলনায়তন মুখরিত হয়ে ওঠে।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি, শিক্ষাবিদ ও সাহিত্যিক জিন্নুন নাহার খান নিপা। উদ্বোধন ঘোষণা করেন বিশিষ্ট কবি মোহাম্মদ আলমগীর জুয়েল।

প্রধান অতিথি ছিলেন শিল্পকলা একাডেমির মহাপরিচালক এবং খ্যাতিমান কবি রেজাউদ্দিন স্টালিন। প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন দৈনিক বাংলাদেশ সমাচার-এর সম্পাদক ও প্রকাশক ড. খান আসাদুজ্জামান পিভিএমএস। বিশেষ অতিথি ছিলেন সুপ্রিম কোর্টের সহকারী অ্যাটর্নি জেনারেল ও বিটিভির কণ্ঠশিল্পী মো. ফেরদৌস সরকার।

বক্তারা বলেন, প্রাণের মেলা জাতীয় কবি পরিষদ শুধু একটি সাহিত্য সংগঠন নয়; নবীন-প্রবীণ সৃষ্টিশীল মানুষের মানবিক বন্ধন তৈরি করে এমন একটি প্ল্যাটফর্ম। এ ধরনের আয়োজন সাহিত্যচর্চাকে আরও বিস্তৃত করে।

কবি-সাহিত্যিকদের পরিবেশনায় আবৃত্তি, সংগীত ও কবিতা পুরো অনুষ্ঠানকে বৈচিত্র্যময় করে তোলে। অনুষ্ঠান পরিচালনায় ছিলেন কবি ও বাচিকশিল্পী জাহানারা রেখা। তত্ত্বাবধানে ছিলেন প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কবি মো. বেল্লাল হাওলাদার।

 

রাজধানীতে প্রাণের মেলার কাব্য সম্মেলন অনুষ্ঠিত

সম্মেলনে প্রদান করা হয় প্রাণের মেলা সাহিত্য সম্মাননা-২৫, গুণী ব্যক্তিত্ব সম্মাননা-২৫ এবং আমন্ত্রিত কবি-সাহিত্যিকদের বিশেষ সম্মাননা।

২০১৯ সালে যাত্রা শুরু করা প্রাণের মেলা জাতীয় কবি পরিষদ অল্প সময়েই দেশের অন্যতম শীর্ষ সাহিত্য সংগঠনে পরিণত হয়েছে। এ আয়োজনের মধ্য দিয়ে ঢাকায় সাহিত্যপ্রেমীদের প্রাণের মিলনমেলায় কাব্য ও সংস্কৃতির বৈচিত্র্যময় ঐতিহ্য তুলে ধরা হয়।

বাংলাদেশ সময়: ২১:২৭:৫১ ● ১৪৪ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ