বরগুনায় কনস্টেবল নিয়োগ ঘিরে এসপির বার্তা, ‘কাউকে টাকা দেবেন না’

হোম » বরগুনা » বরগুনায় কনস্টেবল নিয়োগ ঘিরে এসপির বার্তা, ‘কাউকে টাকা দেবেন না’
বৃহস্পতিবার ● ১৯ নভেম্বর ২০২৬


 

বরগুনায় কনস্টেবল নিয়োগ ঘিরে এসপির বার্তা, ‘কাউকে টাকা দেবেন না’

সাগরকন্যা প্রতিবেদক, বরগুনা

 

‘পুলিশের চাকরি পেতে কাউকে একটি টাকাও দিতে হবে না। মেধা ও যোগ্যতার ভিত্তিতেই স্বচ্ছ প্রক্রিয়ায় নিয়োগ দেওয়া হবে। কোনো ধরনের আর্থিক লেনদেন, তদবির কিংবা দালালের মাধ্যমে চাকরি পাওয়ার সুযোগ নেই।’ বাংলাদেশ পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগপ্রত্যাশীদের এভাবেই সতর্ক করেছেন বরগুনার পুলিশ সুপার মো. কুদরত-ই-খুদা (পিপিএম-সেবা)।

 

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বরগুনা জেলা পুলিশ লাইন্স মাঠে নিয়োগ প্রক্রিয়ার শুরুতে প্রাথমিকভাবে বাছাইকৃত প্রার্থীদের শারীরিক মাপ ও প্রয়োজনীয় কাগজপত্র যাচাই-বাছাই কার্যক্রমের আগে আয়োজিত ব্রিফিং প্যারেডে তিনি এ সতর্কবার্তা দেন।

 

নিয়োগ বোর্ডের সদস্যদের উপস্থিতিতে পুলিশ সুপার মো. কুদরত-ই-খুদা কার্যক্রমে সভাপতিত্ব করেন। এ সময় তিনি বলেন, নিয়োগের ক্ষেত্রে কোনো প্রার্থী বা অন্য কারও প্রভাব কিংবা সুপারিশ বিবেচনা করা হবে না। সম্পূর্ণ স্বচ্ছতা ও নিরপেক্ষতার সঙ্গে কেবল মেধা ও যোগ্যতার ভিত্তিতেই নিয়োগ দেওয়া হবে।

 

কেউ নিয়োগের প্রলোভন দেখিয়ে অর্থ দাবি করলে কিংবা দালালের মাধ্যমে যোগাযোগের চেষ্টা করলে তাঁদের বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানান পুলিশ সুপার। প্রয়োজনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বিষয়টি জানানোর পরামর্শ দেন তিনি।

 

নিয়োগ বোর্ডের সদস্যদের প্রতি আস্থা রেখে কোনো ধরনের অনৈতিক তদবিরে প্রভাবিত না হয়ে পরীক্ষায় অংশ নিতে প্রার্থীদের আহ্বান জানান তিনি। যোগ্য ও মেধাবী তরুণদের পুলিশ বাহিনীতে অন্তর্ভুক্ত করাই এ নিয়োগের মূল লক্ষ্য বলেও উল্লেখ করেন পুলিশ সুপার।

 

নিয়োগ কার্যক্রমে বোর্ডের প্রতিনিধিরা ছাড়াও বরগুনা জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৯:২৮:২০




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ