সাগরকন্যা প্রতিবেদক, নেছারাবাদ (পিরোজপুর)
নবম পে-স্কেলের বেতন নির্ধারণ (পে-ফিক্সেশন) কার্যক্রমের নামে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের কাছ থেকে অর্থ আদায়ের অভিযোগ উঠেছে পিরোজপুরের নেছারাবাদে। এ ঘটনায় দুই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষককে কারণ দর্শানোর নোটিশ দিয়েছেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা। আগামী তিন কর্মদিবসের মধ্যে তাঁদের লিখিত জবাব দিতে নির্দেশ দেওয়া হয়েছে।
গত ১৮ নভেম্বর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. মঈনুল ইসলাম পৃথক দুটি শোকজ নোটিশ জারি করেন। শোকজ পাওয়া শিক্ষকরা হলেন উপজেলার ৪৪ নম্বর ধলহার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিন্টু লাল মিস্ত্রী এবং ৭১ নম্বর বিশাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক উত্তম কুমার বড়াল।
অভিযোগ সূত্রে জানা গেছে, পে-ফিক্সেশনের কাজ করে দেওয়ার কথা বলে উপজেলার ১৭১টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৯০০-এর বেশি শিক্ষকের কাছ থেকে জনপ্রতি ২৫০ থেকে ৩০০ টাকা এবং কোনো কোনো ক্ষেত্রে এক হাজার টাকা পর্যন্ত আদায় করা হয়েছে। সব মিলিয়ে প্রায় তিন লাখ টাকা আদায়ের অভিযোগ উঠেছে।
মিন্টু লাল মিস্ত্রীকে দেওয়া শোকজ নোটিশে বলা হয়েছে, মাহমুদকাঠি ক্লাস্টারের শিক্ষকদের কাছ থেকে পে-ফিক্সেশনের জন্য জনপ্রতি ২৫০ টাকা করে নেওয়া হয়েছে। ৪২ নম্বর কুড়িয়ানা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ ওই ক্লাস্টারের আরও ৯ থেকে ১০ জন শিক্ষক এ বিষয়ে অভিযোগ করেছেন। নোটিশে উল্লেখ করা হয়, ওই ক্লাস্টারে দুইজন সহকারী শিক্ষক পে-ফিক্সেশনের যাবতীয় কাজ সম্পন্ন করলেও তাঁরা কোনো অর্থ নেননি। অর্থ আদায়ের অভিযোগকে সরকারি চাকরির শৃঙ্খলা, সততা ও নৈতিকতার পরিপন্থি এবং গুরুতর অসদাচরণ হিসেবে উল্লেখ করা হয়েছে।
অন্যদিকে, উত্তম কুমার বড়ালের বিরুদ্ধে গণকপাড়া ক্লাস্টারের শিক্ষকদের কাছ থেকে জনপ্রতি ২৫০ টাকা এবং সাগরকান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একজন প্রধান শিক্ষকের কাছ থেকে এক হাজার টাকা নেওয়ার অভিযোগ আনা হয়েছে।
তবে অভিযোগ অস্বীকার করেছেন দুই প্রধান শিক্ষকই। মিন্টু লাল মিস্ত্রী বলেন, ‘আমি কোনো টাকা-পয়সা তুলিনি। পে-ফিক্সেশনের দায়িত্বেও আমি ছিলাম না।’
উত্তম কুমার বড়াল বলেন, ‘আমি কোনো টাকা তুলিনি। আমার বিরুদ্ধে আনা সব অভিযোগ মিথ্যা।’ তাঁকে শোকজ করার কারণ জানতে চাইলে তিনি বলেন, ‘শিক্ষা কর্মকর্তার সঙ্গে হয়তো আমার শত্রুতা আছে। না হলে এমন করবেন কেন?’
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, নবম পে-স্কেল অনুযায়ী বেতন নির্ধারণের কাজ প্রত্যেক শিক্ষককে নিজ উদ্যোগে অনলাইনে সম্পন্ন করার নির্দেশনা রয়েছে। তবে নেছারাবাদ উপজেলায় এ কার্যক্রম সহজ করতে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ১০টি ইউনিয়ন ও একটি পৌরসভার প্রতিটি এলাকায় দুই থেকে তিনজন করে কম্পিউটারে দক্ষ শিক্ষককে সহযোগিতার দায়িত্ব দেন।
উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. মঈনুল ইসলাম বলেন, ‘নবম পে-ফিক্সেশনের কাজের জন্য প্রতিটি ইউনিয়নে একটি করে শিক্ষক দল করে দিয়েছি। তাঁরা সব কাজ সম্পন্ন করেছেন। এখন এ কাজে যদি একটু নাশতা-পানির খরচ লাগে, তাহলে যাঁরা কাজ করেছেন, তাঁরা নিতে পারেন। তবে অনৈতিকভাবে পে-ফিক্সেশনের নামে টাকা নেওয়া সম্পূর্ণ চাকরিবিধির পরিপন্থি। টাকা নেওয়ার বিষয়ে বেশ কয়েকজন শিক্ষকের কাছ থেকে অভিযোগ পাওয়ায় প্রধান শিক্ষক উত্তম কুমার বড়াল ও মিন্টু লাল মিস্ত্রীকে শোকজ নোটিশ দেওয়া হয়েছে।’
এ ঘটনায় শিক্ষকদের মধ্যে আলোচনা-সমালোচনা সৃষ্টি হয়েছে। অভিযোগের সুষ্ঠু তদন্ত এবং পে-ফিক্সেশন কার্যক্রমের নামে আর্থিক অনিয়ম ও হয়রানি বন্ধে কার্যকর পদক্ষেপ প্রত্যাশা করছেন শিক্ষকরা।