সাগরকন্যা প্রতিবেদক, বরগুনা
বান্ধবীর বিয়ের অনুষ্ঠান থেকে বাড়ি ফেরার পথে ১৫ বছর বয়সী এক স্কুলছাত্রীকে কলাবাগানে নিয়ে ধর্ষণের মামলায় তিন যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। বৃহস্পতিবার দুপুরে বরগুনার শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক ও জেলা ও দায়রা জজ মো. মোস্তফা শাহরিয়ার খান এ রায় ঘোষণা করেন। একই সঙ্গে প্রত্যেককে ৫০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
দণ্ডপ্রাপ্তরা হলেন বরগুনা সদর উপজেলার এম বালিয়াতলী ইউনিয়নের গোড়া পদ্মা গ্রামের নুরু মাঝির ছেলে নান্না (৩০), শিয়ালিয়া গ্রামের ইউসুফ মৃধার ছেলে জাফর (২৮) এবং ছোট তালতলী গ্রামের রুস্তম আলীর ছেলে কবির (৩০)। রায় ঘোষণার সময় তিন আসামিই আদালতে উপস্থিত ছিলেন।
মামলার অভিযোগ সূত্রে জানা যায়, ভুক্তভোগী কিশোরী স্থানীয় একটি মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী ছিল। আসামিরা রেন্ট-এ-কারের মোটরসাইকেল চালাতেন। স্কুলে যাওয়া-আসার পথে তাঁরা বিভিন্ন সময় ওই ছাত্রীকে উত্ত্যক্ত ও কুপ্রস্তাব দিতেন।
২০১৩ সালের ২৮ জানুয়ারি সন্ধ্যায় প্রতিবেশী এক বান্ধবীর বিয়ের অনুষ্ঠানে যাওয়ার পথে রাত সাড়ে ৯টার দিকে তিন যুবক ওই ছাত্রীর মুখ চেপে ধরেন। পরে ধারালো চাকুর ভয় দেখিয়ে তাঁকে সালামের ঘরের উত্তর পাশের একটি কলাবাগানে নিয়ে যান। সেখানে হাত-পা ও মুখ চেপে ধরে ধর্ষণ করেন বলে মামলার অভিযোগে উল্লেখ করা হয়েছে।
একপর্যায়ে ছাত্রীর চিৎকার শুনে স্থানীয় লোকজন টর্চলাইট নিয়ে এগিয়ে এলে জাফর ও কবির পালিয়ে যান। এ সময় নান্নাকে আটক করেন স্থানীয় লোকজন। পরদিন ২৯ জানুয়ারি ভুক্তভোগী বরগুনা থানায় তিনজনের বিরুদ্ধে অভিযোগ করেন।
রায়ের নির্দেশনায় বলা হয়েছে, অর্থদণ্ডের টাকা পরিশোধ না করলে আসামিদের স্থাবর-অস্থাবর সম্পত্তি ক্রোক ও নিলামে বিক্রি করে অর্থ আদায় করা যাবে। আদায় করা অর্থ জেলা কালেক্টরের মাধ্যমে ট্রাইব্যুনালে জমা দিতে হবে। পরে আদালত ওই অর্থ ভুক্তভোগীকে দেওয়ার ব্যবস্থা করবেন।
আসামিপক্ষ এ রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করবে বলে জানিয়েছে। অন্যদিকে রাষ্ট্রপক্ষের বিশেষ পাবলিক প্রসিকিউটর (পিপি) রনজুয়ারা সিপু রায়ে সন্তোষ প্রকাশ করেন। তিনি বলেন, এটি একটি গুরুতর অপরাধ। একজন নাবালিকা স্কুলছাত্রী বিয়ের অনুষ্ঠানে যাওয়ার পথে এমন নির্যাতনের শিকার হওয়া অত্যন্ত দুঃখজনক।