কঠোর নিরাপত্তায় সুন্দরবনে তিন দিনের রাস পূজা ও মেলা শুরু ২২ নভেম্বর

হোম » খুলনা » কঠোর নিরাপত্তায় সুন্দরবনে তিন দিনের রাস পূজা ও মেলা শুরু ২২ নভেম্বর
শুক্রবার ● ২০ নভেম্বর ২০২৬


 

রাস পূজা উপলক্ষে সুন্দরবনে টহল কার্যক্রম জোরদার করেছে বন বিভাগ।

সাগরকন্যা প্রতিবেদক, কয়রা (খুলনা)

 

সুন্দরবনের দুবলার চরের আলোরকোলে আগামী ২২ নভেম্বর থেকে শুরু হচ্ছে তিন দিনের রাস পূজা ও মেলা। এ আয়োজনকে কেন্দ্র করে পুণ্যার্থীদের নিরাপদ ও নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করতে খুলনা রেঞ্জে কঠোর নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করেছে বন বিভাগ। বিশেষ টহল, নজরদারি ও একাধিক নিরাপত্তা টিমের মাধ্যমে পুরো এলাকায় নিরাপত্তা কার্যক্রম পরিচালনা করা হবে।

 

বন বিভাগ সূত্রে জানা যায়, এ বছর পাঁচটি নির্ধারিত রুটে পুণ্যার্থীরা চলাচল করতে পারবেন। নির্ধারিত রুটের বাইরে অন্য কোনো স্থানে অবস্থান করা যাবে না। বিগত বছরের মতো এবারও শুধু হিন্দু সম্প্রদায়ের লোকজনকে রাস পূজায় অংশগ্রহণের জন্য সুন্দরবনে প্রবেশের অনুমতি দেওয়া হবে।

 

সুন্দরবন পশ্চিম বন বিভাগের খুলনা রেঞ্জের উদ্যোগে ইতোমধ্যে আয়োজনের সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। পুণ্যার্থীদের সমাগমকে কেন্দ্র করে বনজ সম্পদ আহরণ, অবৈধ মাছ ধরা, বন্যপ্রাণীর ক্ষতি ও অন্যান্য অপরাধমূলক কর্মকাণ্ড ঠেকাতে বিশেষ সতর্কতা নেওয়া হয়েছে। বন বিভাগের বিভিন্ন টিমের পাশাপাশি স্মার্ট টিমও টহল ও নজরদারি কার্যক্রম পরিচালনা করবে।

 

প্রতিবছর কার্তিক-অগ্রহায়ণের শুক্লপক্ষে হিন্দু ধর্মাবলম্বীরা সুন্দরবনের শেষ প্রান্তে বঙ্গোপসাগরের তীরবর্তী দুবলার চরের আলোরকোলে রাস পূজায় সমবেত হন। সমুদ্রস্নান, পূজা-অর্চনা ও ধর্মীয় আচার পালনের মধ্য দিয়ে এ আয়োজন সম্পন্ন হয়। দেশের বিভিন্ন অঞ্চল থেকে হাজার হাজার পুণ্যার্থী এ ধর্মীয় আয়োজনে অংশ নেন। অনেকের কাছে দুবলার চর একটি পবিত্র তীর্থস্থান।

 

খুলনা রেঞ্জের সহকারী বন সংরক্ষক ও রেঞ্জ কর্মকর্তা মো. সাজমিনুর ইসলাম বলেন, রাস পূজা উপলক্ষে খুলনা রেঞ্জের বিভিন্ন টিমের মাধ্যমে টহল কার্যক্রম পরিচালনা করা হবে। নিরাপত্তা ও নজরদারিতে স্মার্ট টিমও কাজ করবে। ইতোমধ্যে সংশ্লিষ্ট স্টেশন কর্মকর্তা ও টহল ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হয়েছে। পুণ্যার্থীরা যাতে কোনো ধরনের হয়রানি ছাড়াই সুন্দরবনে প্রবেশ ও যাতায়াত করতে পারেন, সে বিষয়েও বন বিভাগ সতর্ক থাকবে।

 

রাস পূজাকে সামনে রেখে গত ১৯ নভেম্বর সকাল ১০টায় খুলনা রেঞ্জ কার্যালয়ে একটি জরুরি সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সহকারী বন সংরক্ষক ও রেঞ্জ কর্মকর্তা মো. সাজমিনুর ইসলাম। উপস্থিত ছিলেন নলিয়ান স্টেশন কর্মকর্তা মো. আল আমিন, বানিয়াখালী স্টেশন কর্মকর্তা কে এম রাশেদ সাদাত, কাশিয়াবাদ স্টেশন কর্মকর্তা মো. সাদেকুর রহমান, কালাবগী স্টেশন কর্মকর্তা মো. আনোয়ার হোসেন, নীলকমল বিশেষ টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রোকনুজ্জামান, কাগা বন টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. নাসির উদ্দীনসহ বিভিন্ন টহল ফাঁড়ির কর্মকর্তারা।

 

সভায় জানানো হয়, রাস পূজাকে কেন্দ্র করে একটি অসাধু চক্র বনজ সম্পদ আহরণের অপচেষ্টা চালাতে পারে। এ ধরনের তৎপরতা প্রতিরোধে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে। পাশাপাশি পুণ্যার্থীদের নিরাপদ ও নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করতে বন বিভাগের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা করা হবে।

 

সুন্দরবন পশ্চিম বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) এজেডএম হাছানুর রহমান বলেন, রাস পূজায় তীর্থযাত্রীরা যাতে নির্বিঘ্নে যাতায়াত করতে পারেন, সে জন্য বন বিভাগের পক্ষ থেকে সার্বিক প্রস্তুতি নেওয়া হয়েছে। পূজাকে কেন্দ্র করে সুন্দরবনে অভিযান পরিচালনার জন্য কয়েকটি টিম গঠন করা হয়েছে। তিনি নিজেও টহল কার্যক্রম পরিচালনা করবেন।

বাংলাদেশ সময়: ১৭:০৫:৫৪




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ