
সাগরকন্যা প্রতিবেদক, আমতলী (বরগুনা)
বরগুনার আমতলীতে পাঁচ লাখ টাকা চাঁদা না দেওয়ায় হুমায়ুন কবির ও তাঁর চাচাতো ভাই রাকিব মিয়াকে তুলে নিয়ে নির্যাতনের অভিযোগ উঠেছে বিএনপি নেতা ও ইউপি সদস্য মো. বাতেন দেওয়ানের বিরুদ্ধে। নির্যাতনের পর তাঁদের ছাত্রলীগের কর্মী সাজিয়ে পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে বলে অভিযোগ করেছেন পরিবারের সদস্যরা। এ ঘটনার একটি ভিডিও বৃহস্পতিবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।
বৃহস্পতিবার রাতে উপজেলার আঠারোগাছিয়া ইউনিয়নের পূর্ব সোনাখালী এলাকায় এ ঘটনা ঘটে।
হুমায়ুন কবিরের বড় ভাই মো. মঞ্জু মিয়ার অভিযোগ, শেখ হাসিনা সরকারের পতনের পর বাতেন দেওয়ান তাঁর ভাইয়ের কাছে পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করেন। হুমায়ুন চট্টগ্রামের একটি বেসরকারি কোম্পানিতে চাকরি করেন। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে ২০২৪ সালের ৩ সেপ্টেম্বর বাতেন দেওয়ান ও তাঁর সহযোগীরা তাঁর ৮০ বছর বয়সী বাবা সাবেক ইউপি সদস্য আইয়ুব আলী প্যাদাকে মারধর করেন। এতে তিনি আমতলী ও পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে সাত দিন চিকিৎসাধীন ছিলেন।
মঞ্জু মিয়া জানান, হুমায়ুন গত ১০ নভেম্বর ছুটিতে বাড়িতে আসেন। বৃহস্পতিবার রাতে বাতেন দেওয়ান ও তাঁর সহযোগীরা বউবাজার থেকে হুমায়ুন ও রাকিবকে তুলে নিয়ে মারধর করেন। এ সময় তাঁদের শেখ হাসিনা ও উপজেলা ছাত্রলীগের নেতাদের গালাগাল দিতে বাধ্য করা হয়। পরে ছাত্রলীগের কর্মী পরিচয়ে তাঁদের পুলিশের কাছে সোপর্দ করা হয়।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দুই ব্যক্তিকে মারধর এবং গালাগাল দিতে বাধ্য করার দৃশ্য দেখা যায়। গালাগাল দিতে অস্বীকৃতি জানালে তাঁদের লাঠি দিয়ে পেটানো হচ্ছে।
নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় কয়েকজন বলেন, অপরাধের অভিযোগ থাকলে পুলিশকে জানানো যেত। কিন্তু কাউকে তুলে নিয়ে নির্যাতন করার অধিকার কারও নেই। তাঁরা বাতেন দেওয়ানের বিরুদ্ধে এলাকায় চাঁদাবাজি, জমি দখল ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ করেন।
মঞ্জু মিয়া বলেন, ‘পাঁচ লাখ টাকা চাঁদা না দেওয়ায় বাতেন দেওয়ান ও তাঁর সহযোগীরা আমার বৃদ্ধ বাবাকে মারধর করেছিলেন। এবার আমার ভাই ও চাচাতো ভাইকে তুলে নিয়ে ছাত্রলীগ সাজিয়ে নির্যাতন করে পুলিশে দিয়েছেন। আমি তাঁদের শাস্তি দাবি করছি।’
অভিযোগের বিষয়ে বাতেন দেওয়ানের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি।
উপজেলার গাজীপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ আব্দুল জলিল সাগরকন্যাকে বলেন, বাতেন দেওয়ান ও তাঁর লোকজন হুমায়ুন কবির ও রাকিব মিয়াকে ছাত্রলীগ পরিচয়ে ফাঁড়িতে হস্তান্তর করেছেন।
বরগুনা জেলা বিএনপির সাধারণ সম্পাদক এস এম হুমায়ুন হাসান শাহীন বলেন, কেউ আইন নিজের হাতে তুলে নিলে তা অন্যায়। দলের কেউ এমন কাজ করলে খোঁজ নিয়ে তাঁর বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।
আমতলী থানার ওসি মো. ইয়াকুব হোসাইন বলেন, গাজীপুর পুলিশ ফাঁড়ির সদস্যরা দুজনকে থানায় হস্তান্তর করেছেন। তাঁদের বিস্ফোরক আইনের মামলায় শুক্রবার আমতলী সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়েছে।
আদালতের কোর্ট ইন্সপেক্টর মো. আনোয়ার হোসেন বলেন, আদালতের মাধ্যমে তাঁদের কারাগারে পাঠানো হয়েছে।