বরগুনায় সাবেক উপজেলা চেয়ারম্যানের বাড়ির দেয়ালে বিএনপির শান্তির বার্তা

হোম » রাজনীতি » বরগুনায় সাবেক উপজেলা চেয়ারম্যানের বাড়ির দেয়ালে বিএনপির শান্তির বার্তা
বৃহস্পতিবার ● ১৯ নভেম্বর ২০২৬


 

সাবেক উপজেলা চেয়ারম্যানের বাড়ির দেয়ালে বিএনপির শান্তির বার্তা

সাগরকন্যা প্রতিবেদক, বরগুনা

 

বরগুনার তালতলীতে সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি মো. মনিরুজ্জামান মিন্টুর বাড়ির দেয়ালে ব্যানার টানিয়ে সহিংসতা, ভাঙচুর ও অগ্নিসংযোগ প্রতিরোধে সর্বস্তরের মানুষের সহযোগিতা চেয়েছেন স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

 

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) তালতলী উপজেলা ছাত্রদলের এক কর্মী বাড়িটির দেয়ালে ব্যানারটি টানান। এতে ছাত্র-জনতার আন্দোলনে গণহত্যার নির্দেশদাতা হিসেবে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফাঁসির রায় দ্রুত কার্যকরের দাবিও জানানো হয়। পাশাপাশি যেকোনো ধরনের সহিংসতা ও নাশকতা থেকে বিরত থাকা এবং এলাকায় শান্তিশৃঙ্খলা বজায় রাখার আহ্বান জানানো হয়েছে। ব্যানারে প্রচারক হিসেবে তালতলী উপজেলা বিএনপির সব অঙ্গ ও সহযোগী সংগঠনের নাম উল্লেখ রয়েছে।

 

ব্যানার টানানোর সময় তালতলী উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মো. মিজানুর রহমান মিজানসহ স্থানীয় ছাত্রনেতারা উপস্থিত ছিলেন।

 

এ সময় মিজানুর রহমান বলেন, ‘বর্তমান পরিস্থিতিতে কোনো ধরনের অগ্নিসংযোগ, ভাঙচুর কিংবা সহিংসতা কাম্য নয়। এলাকায় শান্তিশৃঙ্খলা বজায় রাখতে এবং যেকোনো ধরনের নাশকতা প্রতিরোধে দলমত-নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে।’

 

সাবেক উপজেলা চেয়ারম্যানের বাড়ির দেয়ালে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের এমন ব্যানার টানানোর ঘটনা স্থানীয়ভাবে আলোচনার জন্ম দিয়েছে। দীর্ঘদিন ধরে অসুস্থ রয়েছেন সাবেক উপজেলা চেয়ারম্যান মো. মনিরুজ্জামান মিন্টু।

বাংলাদেশ সময়: ২১:৪৬:৪৩




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ