কুয়াকাটায় রাস-পূর্ণিমায় বসছে ২২তম মতুয়া মহাসম্মেলন ও পুণ্যস্নান

হোম » কুয়াকাটা » কুয়াকাটায় রাস-পূর্ণিমায় বসছে ২২তম মতুয়া মহাসম্মেলন ও পুণ্যস্নান
শুক্রবার ● ২০ নভেম্বর ২০২৬


 

কুয়াকাটায় রাস-পূর্ণিমায় বসছে ২২তম মতুয়া মহাসম্মেলন ও পুণ্যস্নান

সাগরকন্যা প্রতিবেদক, কুয়াকাটা (পটুয়াখালী)

 

রাস-পূর্ণিমা উপলক্ষে পটুয়াখালীর কুয়াকাটায় বসছে মতুয়া ভক্ত ও অনুসারীদের মিলনমেলা। আগামী ২৩ নভেম্বর সোমবার কুয়াকাটা পর্যটন কেন্দ্রে অনুষ্ঠিত হবে ২২তম ঐতিহাসিক মতুয়া মহাসম্মেলন ও পুণ্যস্নান-২০২৬। ইন্টারন্যাশনাল শ্রীশ্রী হরি-গুরুচাঁদ মতুয়া মিশনের উদ্যোগে আয়োজিত এ সম্মেলন ঘিরে ইতোমধ্যে ব্যাপক প্রস্তুতি নিয়েছেন আয়োজকরা।

 

অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন পটুয়াখালী-৪ আসনের সংসদ সদস্য এবিএম মোশাররফ হোসেন। আলোকিত অতিথি ও প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন পটুয়াখালী জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সভাপতি শ্রী স্নেহাংশু সরকার কুট্টি।

 

আয়োজক সূত্রে জানা যায়, বিশ্বের ৬১টি দেশে কার্যক্রম পরিচালনাকারী ইন্টারন্যাশনাল শ্রীশ্রী হরি-গুরুচাঁদ মতুয়া মিশনের উদ্যোগে এবং গোপালগঞ্জের কাশিয়ানীর শ্রীধাম ওড়াকান্দির সংশ্লিষ্টদের সহযোগিতায় এ সম্মেলনের আয়োজন করা হয়েছে। এতে দেশ-বিদেশের মতুয়া ভক্ত, অনুসারী ও ধর্মপ্রাণ মানুষের ব্যাপক সমাগমের আশা করছেন আয়োজকরা।

 

সম্মেলনের শুভ উদ্বোধন করবেন কেন্দ্রীয় ইন্টারন্যাশনাল শ্রীশ্রী হরি-গুরুচাঁদ মতুয়া মিশনের সভাপতি ও মহা মতুয়াচার্য শ্রী সুপতি ঠাকুর (শিবু)। আশীর্বাদক হিসেবে থাকবেন বরগুনার কেন্দ্রীয় শ্রীশ্রী হরি-গুরুচাঁদ মতুয়া মন্দির সেবাশ্রমের গদিসমাসীন গুরুদেব ব্রহ্মচারী শ্রীমৎ রবি পাগল। মঙ্গলদীপ প্রজ্বলন করবেন মহিপুরের ব্রহ্মচারী শ্রী সুবোধ চাঁদ সেবাশ্রমের শ্রীমৎ প্রসেনজিৎ গোঁসাই।

 

মহাসম্মেলনে মূল বক্তা হিসেবে বক্তব্য দেবেন কেন্দ্রীয় মিশনের সিনেট কমিটির চেয়ারম্যান ড. গোকুল চন্দ্র বিশ্বাস ও একই কমিটির সদস্য ড. সঞ্জয় কুমার দাস। শুভেচ্ছা বক্তব্য রাখবেন মিশনের বাংলাদেশ কমিটির সভাপতি শ্রী সমীর চন্দ্র তালুকদার।

 

এ ছাড়া উপস্থিত থাকবেন জয়পুর তারকধাম, নড়াইলের শ্রীমৎ অজয় গোসাঁই, গোসাঁই সমিতির সভাপতি শ্রীমৎ জীবনানন্দ গোঁসাই (পান্ডে) এবং ঢাকা জেলা কমিটির সভাপতি শ্রী দিলীপ সিকদারসহ মিশনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

 

বিশেষ অতিথি হিসেবে থাকবেন মিশনের উপদেষ্টা শ্রীমৎ মনোরঞ্জন গোসাঁই, বাংলাদেশ কমিটির উপদেষ্টা শ্রী রঞ্জন মন্ডল এবং পটুয়াখালী জেলা কমিটির সভাপতি শ্রী দীপক কুমার দাস।

 

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেবেন মিশনের কলাপাড়া শাখার সাধারণ সম্পাদক শ্রী বিনয় ভূষণ বড়াল। তিনি একই সঙ্গে অনুষ্ঠান উদযাপন কমিটি, কুয়াকাটার সদস্য সচিবের দায়িত্ব পালন করছেন। এ ছাড়া বাংলাদেশ কমিটির নির্বাহী সভাপতি ও অনুষ্ঠান উদযাপন কমিটির আহ্বায়ক শ্রী অরুণ কুমার পান্ডেও অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। তিনি শ্রীধাম ওড়াকান্দি, কাশিয়ানী, গোপালগঞ্জের সঙ্গে সম্পৃক্ত।

 

আয়োজকরা জানান, শ্রীশ্রী হরিচাঁদ ঠাকুর ও শ্রীশ্রী গুরুচাঁদ ঠাকুরের আদর্শ এবং মতুয়া ধর্মীয় ভাবধারাকে ধারণ করে পবিত্র রাস-পূর্ণিমা তিথিতে এ মহাসম্মেলন ও পুণ্যস্নানের আয়োজন করা হয়েছে। এ উপলক্ষে দেশ-বিদেশের মতুয়া ভক্ত, অনুসারী ও ধর্মপ্রাণ মানুষকে সবান্ধবে অংশ নেওয়ার আমন্ত্রণ জানানো হয়েছে।

 

আয়োজকদের প্রত্যাশা, কুয়াকাটার মনোরম সমুদ্রসৈকতে এ ধর্মীয় আয়োজন মতুয়া সম্প্রদায়ের ভক্ত-অনুসারীদের মধ্যে পারস্পরিক সম্প্রীতি, ঐক্য ও মিলনবন্ধন আরও সুদৃঢ় করবে।

বাংলাদেশ সময়: ১৫:১২:৫৭




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ