
সাগরকন্যা প্রতিবেদক, বাগেরহাট
বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ও বৈরী আবহাওয়ার কারণে সুন্দরবনের দুবলার চরের শুঁটকি পল্লিতে উৎপাদন কার্যক্রম বন্ধ হয়ে গেছে। সাগর উত্তাল থাকায় জেলেরা মাছ ধরতে পারছেন না। অন্যদিকে বৃষ্টিতে শুকানোর জন্য রাখা কাঁচা মাছ নষ্ট হচ্ছে। এতে প্রায় সাত কোটি টাকার ক্ষতির মুখে পড়েছেন শুঁটকি ব্যবসায়ী ও জেলেরা।
সংশ্লিষ্ট ব্যক্তিদের তথ্যমতে, দুবলার চরের চারটি শুঁটকি পল্লিতে এক হাজারের বেশি মাছ ব্যবসায়ী রয়েছেন। তাঁদের অধীনে গড়ে ২০ জন করে প্রায় ২০ হাজার জেলে ও শ্রমিক কাজ করেন। মাছ ধরা ও শুঁটকি উৎপাদন বন্ধ থাকলেও শ্রমিকদের বেতন ও খাবারের খরচ বহন করতে হচ্ছে ব্যবসায়ীদের। এতে প্রতিদিন বড় অঙ্কের লোকসান গুনতে হচ্ছে তাঁদের।
আলোরকোল শুঁটকি পল্লির মালিক ও রামপাল জেলে সমিতির সাধারণ সম্পাদক মো. জাকির শেখ বলেন, ‘এবার দুর্যোগের সঙ্গে লড়াই করেই শুঁটকি মৌসুম শুরু হয়েছে। দ্বিতীয়বারের মতো বৈরী আবহাওয়ার কারণে ঝড়-বৃষ্টিতে জেলেরা সাগরে নামতে পারছেন না। বৃষ্টিতে অনেকের চাতাল ও মাচার কাঁচা মাছ নষ্ট হয়েছে। গত মৌসুমে লোকসানের পর এবারও লাখ লাখ টাকা ঋণ নিয়ে বেশির ভাগ বহদ্দার ব্যবসায় নেমেছেন। কিন্তু মৌসুমের শুরুতেই আবার দুর্যোগের কবলে পড়ায় ব্যাপক লোকসানের আশঙ্কা করছি।’
তিনি আরও জানান, মাছ না থাকায় শুঁটকি উৎপাদন বন্ধ রয়েছে। অথচ জেলে-শ্রমিকদের বেতন, খাবার ও অন্যান্য ব্যয় প্রতিদিন বহন করতে হচ্ছে। এতে ব্যবসায়ীরা নতুন করে ঋণের চাপে পড়ার আশঙ্কা করছেন।
আলোরকোলের আরেক মালিক ও চাকলা জেলে সমবায় সমিতির সভাপতি আব্দুর রউফসোগরকন্যার এ প্রতিবেদককে বলেন, ‘একেকজন বহদ্দারের অধীনে গড়ে ২০ জন জেলে ও শ্রমিক রয়েছেন। শুঁটকি মৌসুমের পাঁচ মাসের জন্য একজন শ্রমিককে দেড় লাখ থেকে এক লাখ ৮০ হাজার টাকা চুক্তিতে আনা হয়েছে। দৈনিক হিসাবে বেতন দিতে হচ্ছে এক হাজার থেকে এক হাজার ২০০ টাকা। বৈরী আবহাওয়ায় মাছ ধরতে না পারায় তাঁদের কোনো কাজ নেই। কিন্তু বসিয়ে বসিয়ে বেতন দিতে হচ্ছে। খাবার খরচসহ প্রত্যেক মালিকের দৈনিক ৩০ থেকে ৩৫ হাজার টাকা লোকসান হচ্ছে।’
ফিশারম্যান গ্রুপের চেয়ারম্যান কামাল উদ্দিন আহমেদ বলেন, দেড় কোটি টাকার মাছ নষ্ট হয়ে গেছে। এসব মাছ ফিড হিসেবে ব্যবহার করা ছাড়া আর কোনো উপায় থাকবে না।
জেলে পল্লির অন্য সদস্যরা জানান, প্রচুর পরিমাণ কাঁচা মাছ শুকানোর অভাবে নষ্ট হয়েছে। এ ছাড়া বিভিন্ন খরচ বহন করতে গিয়ে সব মিলিয়ে তাঁদের প্রায় ছয় থেকে সাত কোটি টাকার ক্ষতি হয়েছে।
পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের দুবলার শুঁটকি পল্লির বিশেষ টহল ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মো. খলিলুর রহমান বলেন, ‘বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় আকাভানের প্রভাবে দুবলার চরের জেলেরা বিপাকে পড়েছেন। চলতি বছরের শুঁটকি মৌসুম শুরু হয়েছিল ঘূর্ণিঝড় অর্নবের মধ্য দিয়ে। ১৫ দিন যেতে না যেতেই আবার ঘূর্ণিঝড় আকাভানের প্রভাবে সমুদ্র উত্তাল হয়ে ওঠায় জেলেরা মাছ ধরতে পারছেন না। বৈরী আবহাওয়ায় চাতালে মাছ শুকানোও ব্যাহত হচ্ছে। বৃষ্টিতে ভিজে অনেকের কাঁচা মাছ নষ্ট হয়েছে। জেলে ও শ্রমিকেরা অলস সময় কাটাচ্ছেন। এতে বহদ্দার, মহাজন ও অন্যান্য ব্যবসায়ীরা অপূরণীয় আর্থিক ক্ষতির মুখে পড়বেন।’
সাধারণত অক্টোবরের শেষ থেকে মার্চের শেষ পর্যন্ত দুবলার চরে শুঁটকি তৈরির কার্যক্রম চলে। মৌসুমের শুরুতেই উৎপাদন বন্ধ হয়ে যাওয়া এবং রোদ না থাকায় মাছ শুকাতে না পারায় ঋণ ও দাদনের টাকা পরিশোধ নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন ব্যবসায়ীরা। পাশাপাশি সংসার চালানো নিয়েও অনিশ্চয়তায় রয়েছেন জেলেরা।