কলাপাড়ায় শ্রেষ্ঠ শিক্ষক ও জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীকে সংবর্ধনা

হোম » পটুয়াখালী » কলাপাড়ায় শ্রেষ্ঠ শিক্ষক ও জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীকে সংবর্ধনা
সোমবার ● ১৬ নভেম্বর ২০২৬


কলাপাড়ায় শ্রেষ্ঠ শিক্ষক ও জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীকে সংবর্ধনাসাগরকন্যা প্রতিবেদক, কলাপাড়া (পটুয়াখালী)

 

পটুয়াখালীর কলাপাড়ায় জাতীয় পর্যায়ে নির্বাচিত শ্রেষ্ঠ গুণী শিক্ষক-২০২৬ মুহাম্মদ কুতুবউদ্দিন তালুকদার এবং এসএসসি-২০২৬ পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থী মো. আসিফকে সংবর্ধনা দেওয়া হয়েছে।

 

সোমবার (১৬ নভেম্বর) বেলা সাড়ে ১১টায় পাঁচজুনিয়া ধানখালী মাধ্যমিক বিদ্যালয়ের উদ্যোগে বিদ্যালয় প্রাঙ্গণে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আরিফুজ্জামান।

 

বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি মো. মনিরুজ্জামান খানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কলাপাড়া পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. কামরুজ্জামান কাজল তালুকদার, ধানখালী ইউনিয়ন বিএনপির সভাপতি মো. আসাদুজ্জামান আলমগীর হাওলাদার, ধানখালী টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজের প্রতিষ্ঠাতা জিসান হায়দার আলমগীর, কলাপাড়া উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি মো. ফখরুল ইসলাম, সহসভাপতি মো. আফজাল হোসেন ও সাংগঠনিক সম্পাদক আবুল বাসার।

 

এ ছাড়া বক্তব্য দেন বিদ্যালয়ের শিক্ষক মোশারেফ হোসেন, ব্যবস্থাপনা কমিটির সদস্য মহিউদ্দিন খলিফা, দশম শ্রেণির শিক্ষার্থী সানজিদা আক্তার তিশা এবং সপ্তম শ্রেণির শিক্ষার্থী সাহানা আফরিন। অনুষ্ঠান সঞ্চালনা করেন বিদ্যালয়ের শিক্ষক এস এম আবু বকর সিদ্দিক ও মো. মুজিবুর রহমান।

 

সংবর্ধিত শিক্ষক মুহাম্মদ কুতুবউদ্দিন তালুকদার বলেন, এ কৃতিত্ব তাঁর একার নয়, বিদ্যালয়ের সঙ্গে সংশ্লিষ্ট সবাই এর অংশীদার। বিদ্যালয়টিকে উপজেলার মধ্যে একটি মডেল শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে তিনি সবার সম্মিলিত সহযোগিতা কামনা করেন।

 

প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আরিফুজ্জামান বলেন, প্রত্যন্ত গ্রামের একজন শিক্ষক জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ নির্বাচিত হওয়া অত্যন্ত গর্বের বিষয়। একজন শিক্ষক মোমবাতির মতো সমাজে আলো ছড়িয়ে দেন। তাঁর আলোয় অন্যরা আলোকিত হন। বিদ্যালয়টিকে আরও আলোকিত করতে সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানান তিনি।

 

উল্লেখ্য, মুহাম্মদ কুতুবউদ্দিন তালুকদার পাঁচজুনিয়া ধানখালী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। তিনি ২০২৬ সালে সরকারিভাবে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত হন। একই বিদ্যালয়ের শিক্ষার্থী মো. আসিফ এসএসসি-২০২৬ পরীক্ষায় জিপিএ-৫ অর্জন করে কৃতিত্ব দেখিয়েছে।

বাংলাদেশ সময়: ১৮:২৭:১৭




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ