সাগরকন্যা প্রতিবেদক, বেনাপোল
যশোরের শার্শা ও বেনাপোলসহ স্পর্শকাতর সীমান্ত দিয়ে ভারত থেকে দাগি অপরাধী, পলাতক ও গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামিদের অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে কঠোর নিরাপত্তাব্যবস্থা নিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ ধরনের অনুপ্রবেশের তথ্য দিলে তথ্যদাতাকে পুরস্কৃত করার ঘোষণাও দিয়েছে বাহিনীটি।
সীমান্তে নজরদারি বাড়াতে নাইট ভিশন গগলস, থার্মাল ড্রোন, সার্চলাইট, সিসি ক্যামেরা ও আধুনিক ডিজিটাল সরঞ্জাম ব্যবহার করছে বিজিবি। পাশাপাশি ডগ স্কোয়াড মোতায়েন, বিশেষ টহল এবং তল্লাশি কার্যক্রম জোরদার করা হয়েছে। গুরুত্বপূর্ণ ও ঝুঁকিপূর্ণ এলাকাসহ বিভিন্ন স্থানে নতুন করে ৩০টি চেকপোস্ট বসানো হয়েছে।
যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান জানান, ভারতে পালিয়ে যাওয়া সন্ত্রাসী, পলাতক ও ফেরারি আসামিরা পশ্চিমবঙ্গের বিভিন্ন এলাকায় অবস্থান করছে। তারা যশোর, সাতক্ষীরা ও মেহেরপুর সীমান্ত দিয়ে দেশে ফিরতে পারে, এমন আশঙ্কা থেকে অবৈধ অনুপ্রবেশ এবং দুষ্কৃতকারীদের অপতৎপরতা ঠেকাতে সীমান্ত এলাকায় কঠোর নিরাপত্তাব্যবস্থা গড়ে তোলা হয়েছে।
তিনি জানান, বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। সীমান্তে নিয়মিত টহল, গোয়েন্দা নজরদারি ও বিশেষ অভিযান বহুগুণ বাড়ানো হয়েছে। ঝুঁকিপূর্ণ ও স্পর্শকাতর এলাকাগুলোতে দিন-রাত বিশেষ টহল চলছে। রাতের নজরদারি কার্যকর করতে গুরুত্বপূর্ণ স্থানে নাইট ভিশন গগলস, থার্মাল ড্রোন, নাইট ভিশন বাইনোকুলার, সার্চলাইট ও সিসি ক্যামেরাসহ আধুনিক প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে। একই সঙ্গে অতিরিক্ত ৩০টি চেকপোস্টের মাধ্যমে তল্লাশি কার্যক্রম জোরদার করা হয়েছে।
সীমান্তের সার্বিক নিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষায় গণমাধ্যমকর্মী ও স্থানীয় বাসিন্দাদের সহযোগিতা চেয়েছেন বিজিবির এই কর্মকর্তা। তিনি বলেন, অবৈধ অনুপ্রবেশের বিষয়ে তথ্য দিলে তথ্যদাতাকে পুরস্কৃত করা হবে। দেশের সার্বভৌমত্ব রক্ষা এবং সীমান্তে অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে বিজিবির অভিযান ও নজরদারি অব্যাহত থাকবে।