তিন নদীর ভাঙনে বিলীন সিকদার-আকন বাড়ির আভিজাত্য, নিঃস্বদের ঠাঁই সড়কের পাশে

হোম » পটুয়াখালী » তিন নদীর ভাঙনে বিলীন সিকদার-আকন বাড়ির আভিজাত্য, নিঃস্বদের ঠাঁই সড়কের পাশে
বৃহস্পতিবার ● ১২ নভেম্বর ২০২৬


তিন নদীর ভাঙনে বিলীন সিকদার-আকন বাড়ির আভিজাত্য, নিঃস্বদের ঠাঁই সড়কের পাশেসাগরকন্যা প্রতিবেদক, পটুয়াখালী

 

একসময় ছিল পাকা দালান, গোয়ালভরা গরু, ধানভরা গোলা আর মাছভরা পুকুর। বাড়িজুড়ে ছিল আত্মীয়স্বজনের পদচারণা। পটুয়াখালীর বাউফল উপজেলার বগা ও কাছিপাড়া ইউনিয়নের সিকদার বাড়ি ও আকন বাড়ি ছিল সম্পদ, প্রভাব ও ঐতিহ্যের প্রতীক। কয়েক প্রজন্মের সেই আভিজাত্য এখন শুধুই স্মৃতি। তেঁতুলিয়া, কবাই ও কারখানা নদীর ভাঙনে বসতভিটা, ফসলি জমি ও পারিবারিক সম্পদ হারিয়ে ছড়িয়ে-ছিটিয়ে গেছেন পরিবারের সদস্যরা। কেউ আশ্রয় নিয়েছেন অন্যের জমিতে, কারও ঠাঁই হয়েছে সড়কের পাশে।

 

শুধু সিকদার ও আকন বাড়ি নয়, তিন নদীর ভাঙনে বগা, কাছিপাড়া ও ফরিদপুর ইউনিয়নের বাহেরচর, পশ্চিম কাছিপাড়া, হাজীপুর, গোপালিয়া ও রঘুনদ্দিসহ কয়েকটি গ্রামের সহস্রাধিক পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে বলে দাবি স্থানীয় বাসিন্দাদের। কারও বসতঘর, কারও শেষ সম্বল ফসলি জমি নদীতে বিলীন হয়েছে। এবার ভাঙনের হুমকিতে রয়েছে বাজার, পুকুর, পাকা সড়ক ও তিনটি সরকারি প্রাথমিক বিদ্যালয়। প্রতিনিয়ত নদীভাঙনে নিঃস্ব মানুষের সংখ্যা বাড়লেও স্থায়ী প্রতিরক্ষার ব্যবস্থা হয়নি।

 

উপজেলা সদর থেকে প্রায় ১৫ কিলোমিটার দূরে কারখানা নদীর তীরে কাছিপাড়া ইউনিয়ন। আয়তন, জনসংখ্যা, শিক্ষা ও ব্যবসা-বাণিজ্যে বাউফলের গুরুত্বপূর্ণ ইউনিয়নগুলোর একটি। অথচ নদীভাঙনে এখানকার মানুষের বসতভিটা, জীবিকা ও প্রজন্মের পর প্রজন্ম ধরে গড়ে ওঠা শেকড়ের বন্ধন হারিয়ে যাচ্ছে।

 

নদীভাঙনে নিঃস্ব হওয়া এমনই এক পরিবারের সদস্য নাসরিন বেগম (৩৫)। তিন ছেলেকে নিয়ে তাঁর সংসার। ২০০৭ সালে কাছিপাড়ার সিকদার বাড়ির ইব্রাহিম সিকদারের সঙ্গে তাঁর বিয়ে হয়। যে বাড়িতে নতুন জীবনের সূচনা করেছিলেন, সেই বাড়ির এখন আর কোনো অস্তিত্ব নেই।

 

নাসরিন জানান, একসময় তাঁদের বাড়িতে ৫০ থেকে ৬০টি পরিবারের বসবাস ছিল। ছিল পাকা দালান, গোয়ালভরা গরু, ধানভরা গোলা, মাছভরা পুকুর ও পাকা ঘাটলা। আত্মীয়স্বজনের কাছে বাড়িটির আলাদা পরিচিতি ছিল।

 

আক্ষেপ নিয়ে নাসরিন বলেন, ‘মাত্র দুই বছর আগেও সিকদার বাড়ির অস্তিত্ব ছিল। এখন স্বামী-সন্তান নিয়ে ফসলি জমিতে ঘর তুলে থাকতে হচ্ছে। কারখানা নদী আমার শ্বশুরবাড়ির সবকিছু গিলে খেয়েছে। একসময় এই বাড়িতে ১০০ থেকে ১৫০ মানুষের বসবাস ছিল। এখন আমরা ছিন্নভিন্ন হয়ে গেছি।’

 

একটি পরিবারের কয়েক প্রজন্মের সম্পদ, ঐতিহ্য ও স্মৃতি কীভাবে নদীগর্ভে হারিয়ে যেতে পারে, সিকদার বাড়ি তারই নির্মম উদাহরণ।

 

বাহেরচরের ৭৮ বছর বয়সী নিত্য গোপালের জীবনেও নদীভাঙন কেড়ে নিয়েছে সবকিছু। এখন সড়কের পাশে টিনের ছাউনির ছোট্ট দোচালা ঘরে তাঁর বসবাস। ঘরের পাশেই একটি চায়ের দোকান। সেই দোকানের সামান্য আয় আর তিন মেয়ের সহযোগিতায় চলে তাঁর ও স্ত্রীর সংসার।

 

তাঁর কোনো ছেলে নেই। তিন মেয়েকে বিয়ে দিয়েছেন। বসতভিটা ও জমিজমা হারিয়ে জীবনের শেষ প্রান্তে এসে তাঁর সবচেয়ে বড় দুশ্চিন্তা, মৃত্যুর পর শেষকৃত্য হবে কোথায়।

 

কান্নাজড়িত কণ্ঠে নিত্য গোপাল বলেন, ‘বাবার কাছ থেকে ছয় একর জমি পেয়েছিলাম। নদীভাঙনে সব গেছে। আমার জমি ভেঙে যে চর জেগেছে, সেই জায়গা প্রভাবশালীদের দখলে। মরার পর শ্মশানে যাওয়ার জায়গাটুকুও নেই।’

 

নিত্য গোপালের মতো অনুকূল, বাসুদেবসহ আরও অনেক পরিবার জমি ও বসতভিটা হারিয়ে আশ্রয় নিয়েছেন অন্যের জমিতে কিংবা সড়কের পাশে। তাঁদের অভিযোগ, নদীতে বিলীন হওয়া জমির বিপরীতে নতুন করে জেগে ওঠা চরেও নিজেদের জমির অধিকার ফিরে পাননি তাঁরা।

 

স্থানীয় বাসিন্দাদের দাবি, বাহেরচর থেকে গোপালিয়াবাঘা পর্যন্ত প্রায় ১০ কিলোমিটার এলাকাজুড়ে কারখানা নদীর ভাঙন চলছে। এতে চররঘুনদ্দী, হিস্যাজাত ও গোপালিয়াবাঘা সরকারি প্রাথমিক বিদ্যালয় ঝুঁকির মুখে পড়েছে।

 

তিন বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাকির সিকদার, এফ এম মামুন ও সুনীল দাস জানান, নদীভাঙনের কারণে শিক্ষার্থী কমে যাচ্ছে। কোনো কোনো বিদ্যালয়ের একেবারে কাছাকাছি চলে এসেছে নদী। আগে যে নদী ছিল প্রায় তিন কিলোমিটার দূরে, এখন সেটি বিদ্যালয় থেকে মাত্র ১০০ থেকে ১৫০ মিটার দূরে। দ্রুত তীর রক্ষা করা না গেলে বিদ্যালয়গুলো নদীগর্ভে বিলীন হওয়ার আশঙ্কা রয়েছে।

 

হিস্যাজাত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী বালাল সিকদার (৫৪) বলেন, ‘এই বিদ্যালয় থেকেই আমি পড়াশোনা করেছি। ছোটবেলার স্মৃতিবিজড়িত প্রতিষ্ঠানটি চোখের সামনে হারিয়ে যাবে, এটা মেনে নেওয়া কঠিন। নদীর তীর রক্ষায় দ্রুত ব্যবস্থা নেওয়া দরকার।’

 

স্থানীয় বাসিন্দাদের আশঙ্কা, ভাঙন অব্যাহত থাকলে বাহেরচর বাজারসহ আশপাশের বসতবাড়ি ও ব্যবসাপ্রতিষ্ঠানও রক্ষা করা কঠিন হবে।

 

নদীভাঙন ঠেকাতে পানি উন্নয়ন বোর্ড বিভিন্ন সময়ে জিওব্যাগ ফেলেছে। তবে এসব উদ্যোগে ভাঙন বন্ধ হচ্ছে না। স্থায়ী সমাধান না হওয়ায় ক্ষোভ ও উদ্বেগ বাড়ছে স্থানীয় বাসিন্দাদের মধ্যে।

 

কাছিপাড়া ইউনিয়ন পরিষদের সদস্য মো. ইয়াকুব বলেন, ‘বর্ষা মৌসুমে পানি উন্নয়ন বোর্ড জিওব্যাগ ফেলে। কিন্তু ভাটার সময় সেগুলোর অনেক কিছুই আর খুঁজে পাওয়া যায় না। এভাবে ফসলি জমি, ঘরবাড়ি ও বসতভিটা হারাচ্ছে মানুষ। আমরা দ্রুত ভাঙন রোধে স্থায়ী ব্যবস্থা চাই।’

 

পানি উন্নয়ন বোর্ডের তথ্য অনুযায়ী, বাহেরচর এলাকায় চররঘুনদ্দী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভাঙন রোধে জরুরি ভিত্তিতে ১০৫ মিটার অংশে জিওব্যাগ ডাম্পিং করা হয়েছে। এতে ব্যয় হয়েছে ৫৯ লাখ ৬৫ হাজার টাকা। তবে গোপালিয়াবাঘা অংশে এখন পর্যন্ত কোনো কাজ বাস্তবায়ন করা হয়নি।

 

পটুয়াখালী পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী এমরান হোসেন বলেন, ‘কারখানা নদীসহ পায়রা নদীর ভাঙন রোধে একটি সমীক্ষার কাজ চলমান রয়েছে। সমীক্ষা প্রতিবেদন পাওয়ার পর স্থায়ী তীর প্রতিরক্ষা কাজ বাস্তবায়নের জন্য প্রকল্প প্রস্তাব (ডিপিপি) পাঠানো হবে।’

 

বাউফল উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সালেহ বলেন, ‘নদীভাঙনের তীব্রতায় কাছিপাড়া ও কনকদিয়া ইউনিয়নের মানচিত্র ছোট হয়ে আসছে। মাসিক উন্নয়ন সভায় কাছিপাড়া ও কনকদিয়ার ভারপ্রাপ্ত চেয়ারম্যান, সদস্যসহ জনপ্রতিনিধিরা বিষয়টি তুলে ধরে ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানিয়েছেন। সরেজমিন পরিদর্শন করে ভাঙনের ভয়াবহতা দেখে জরুরি তীর রক্ষার বিষয়ে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে।’

 

একসময় যে নদী ছিল মানুষের জীবন-জীবিকার অবলম্বন, সেই নদীই এখন কেড়ে নিচ্ছে বসতভিটা, জমি, সম্পদ ও পূর্বপুরুষের স্মৃতি। সিকদার-আকন বাড়ির হারানো আভিজাত্য কিংবা নিত্য গোপালের ছয় একর জমি এখন কেবল অতীত। নদীভাঙনে সর্বস্ব হারানো মানুষগুলোর দাবি, নতুন করে যেন কাউকে আর ভিটেমাটি হারিয়ে সড়কের পাশে আশ্রয় নিতে না হয়।

বাংলাদেশ সময়: ১৮:৪৮:২৬ ● ১৭ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ