সাগরকন্যা প্রতিবেদক, কয়রা (খুলনা)
খুলনার কয়রায় শিশুদের মধ্যে বিতরণ করা সয়া প্রোটিন বিস্কুটের কার্টনে উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখ মুদ্রণে ভুল ধরা পড়েছে। এ কারণে বিস্কুটের মেয়াদ নিয়ে বিভ্রান্তি তৈরি হয়েছে। বিষয়টি জানাজানি হওয়ার পর বিতরণ করা বিস্কুটগুলো তুলে নেওয়া হয়েছে। পাশাপাশি শিশুদের এসব বিস্কুট না খাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
শিশুদের অপুষ্টি দূরীকরণ প্রকল্পের আওতায় উপজেলার বিভিন্ন বিদ্যালয়ে এসব বিস্কুট বিতরণ করা হয়। সম্প্রতি কার্টনে মুদ্রিত তারিখ দেখে বিস্কুটগুলো মেয়াদোত্তীর্ণ বলে সন্দেহ করেন স্থানীয়রা। এ নিয়ে অভিভাবকদের মধ্যে উদ্বেগ দেখা দেয়।
তবে বিস্কুটের মেয়াদোত্তীর্ণ হওয়ার অভিযোগ নাকচ করেছেন সরবরাহকারী প্রতিষ্ঠানের সংশ্লিষ্ট কর্মকর্তা। বাংলাদেশ সয়া প্রোটিন প্রজেক্ট লিমিটেডের কয়রা উপজেলা অপারেশন কর্মকর্তা কামরুল হাসান দিপু বলেন, বিস্কুটের প্রকৃত মেয়াদ নিয়ে কোনো সমস্যা নেই। ২০২৬ সালের মে মাসে এ পণ্যের কার্যাদেশ দেওয়া হয়েছিল। কার্টনে উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখ মুদ্রণে ভুল হওয়ায় এ বিভ্রান্তির সৃষ্টি হয়েছে। বিস্কুটের বেজ নম্বর সঠিক রয়েছে, যার নম্বর ৭। উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখ ২০২৬-২৭ হওয়ার কথা ছিল।
তিনি আরও বলেন, উপজেলা প্রশাসনের সঙ্গে আলোচনা করে বিতরণ করা বিস্কুটগুলো তুলে নেওয়া হয়েছে এবং শিশুদের সেগুলো খেতে নিষেধ করা হয়েছে।
কয়রা উপজেলা প্রেসক্লাবের সহসভাপতি আব্দুর রউফ বলেন, শিশুদের পুষ্টি নিশ্চিত করতে এ ধরনের কর্মসূচি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই পণ্যের প্যাকেট ও কার্টনে উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখ নির্ভুলভাবে মুদ্রণ, সরবরাহের আগে মান যাচাই এবং বিতরণ কার্যক্রমে যথাযথ তদারকি নিশ্চিত করা প্রয়োজন।