বিশ্ব ডায়াবেটিস দিবস ডায়াবেটিস প্রতিরোধ ও নিয়ন্ত্রণে প্রাথমিক পদক্ষেপ

হোম » সর্বশেষ » বিশ্ব ডায়াবেটিস দিবস ডায়াবেটিস প্রতিরোধ ও নিয়ন্ত্রণে প্রাথমিক পদক্ষেপ
শনিবার ● ১৪ নভেম্বর ২০২৬


 

প্রতীকী ছবিটি সংগৃহীত

এস. এম. এম. মুসাব্বির উদ্দিন

 

প্রতি বছর ১৪ নভেম্বর বিশ্বব্যাপী পালিত হয় বিশ্ব ডায়াবেটিস দিবস। ডায়াবেটিস সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি, রোগ প্রতিরোধ এবং আক্রান্ত ব্যক্তিদের যথাযথ চিকিৎসা ও ব্যবস্থাপনা নিশ্চিত করাই দিবসটির মূল উদ্দেশ্য। ডায়াবেটিস একটি দীর্ঘমেয়াদি অসংক্রামক রোগ। সময়মতো সচেতনতা, স্বাস্থ্যকর জীবনযাপন ও নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার মাধ্যমে এ রোগের ঝুঁকি কমানো এবং আক্রান্ত ব্যক্তিদের সুস্থ জীবনযাপন নিশ্চিত করা সম্ভব।

 

ডায়াবেটিস প্রতিরোধের প্রথম পদক্ষেপ হলো স্বাস্থ্যকর জীবনযাপন। প্রতিদিনের খাদ্যতালিকায় শাকসবজি, ফলমূল, ডাল, আঁশযুক্ত খাবার এবং পরিমিত পরিমাণে পুষ্টিকর খাবার রাখতে হবে। অতিরিক্ত চিনি, কোমল পানীয়, ফাস্টফুড ও অতিরিক্ত চর্বিযুক্ত খাবার এড়িয়ে চলা জরুরি। পাশাপাশি প্রতিদিন অন্তত ৩০ মিনিট হাঁটা বা শারীরিক ব্যায়ামের অভ্যাস গড়ে তুলতে হবে। শরীরের ওজন নিয়ন্ত্রণে রাখা, পর্যাপ্ত ঘুম এবং ধূমপান পরিহার করাও ডায়াবেটিসের ঝুঁকি কমাতে সহায়ক।

 

ডায়াবেটিসের জটিলতা এড়াতে প্রাথমিক পর্যায়ে রোগ শনাক্ত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ, অনেক ক্ষেত্রে ডায়াবেটিসের লক্ষণ স্পষ্টভাবে প্রকাশ পায় না। অতিরিক্ত পিপাসা, ঘন ঘন প্রস্রাব, অস্বাভাবিক ক্ষুধা, ক্লান্তি এবং অকারণে দ্রুত ওজন কমে যাওয়া এ রোগের সম্ভাব্য লক্ষণ। রক্তে গ্লুকোজের মাত্রা পরীক্ষা, এইচবিএ১সি এবং প্রয়োজন অনুযায়ী ওরাল গ্লুকোজ টলারেন্স টেস্টের (ওজিটিটি) মাধ্যমে ডায়াবেটিস নির্ণয় করা হয়। তাই ঝুঁকিপূর্ণ ব্যক্তিদের নিয়মিত রক্তের শর্করা পরীক্ষা করা উচিত। ডায়াবেটিস শনাক্ত হলে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ওষুধ গ্রহণ, খাদ্যাভ্যাস নিয়ন্ত্রণ, শারীরিক পরিশ্রম এবং নিয়মিত রক্তের শর্করা পর্যবেক্ষণ করতে হবে।

 

ডায়াবেটিস নিয়ন্ত্রণে না থাকলে হৃদ্‌রোগ, কিডনি রোগ, চোখের সমস্যা, স্নায়ুর ক্ষতি ও রক্তনালির বিভিন্ন জটিলতা দেখা দিতে পারে। তাই রোগ শনাক্ত হওয়ার পর অবহেলা না করে নিয়মিত চিকিৎসা ও প্রয়োজনীয় স্বাস্থ্য পরীক্ষা নিশ্চিত করা জরুরি।

 

বাংলাদেশে ডায়াবেটিস প্রতিরোধে সরকারি-বেসরকারি উদ্যোগ, স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের কার্যক্রম এবং গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিক্ষাপ্রতিষ্ঠান, কর্মক্ষেত্র, সামাজিক সংগঠন এবং হাসপাতালগুলোতে সচেতনতামূলক কর্মসূচি গ্রহণ করা যেতে পারে। একই সঙ্গে প্রত্যন্ত অঞ্চলে সহজলভ্য ডায়াবেটিস পরীক্ষা, চিকিৎসা ও পরামর্শসেবা নিশ্চিত করতে হবে। বিশেষ করে ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর মধ্যে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার অভ্যাস গড়ে তোলা প্রয়োজন।

 

পরিশেষে বলা যায়, ডায়াবেটিসের ক্ষেত্রে প্রতিরোধ, প্রাথমিক শনাক্তকরণ ও কার্যকর নিয়ন্ত্রণ সমান গুরুত্বপূর্ণ। সঠিক সময়ে সচেতনতা, স্বাস্থ্যকর জীবনযাপন এবং নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার মাধ্যমে ডায়াবেটিসের ঝুঁকি অনেকাংশে কমানো সম্ভব। বিশ্ব ডায়াবেটিস দিবস ২০২৬-এর অঙ্গীকার হোক সচেতনতা, প্রাথমিক পদক্ষেপ ও সম্মিলিত উদ্যোগের মাধ্যমে ডায়াবেটিসের ঝুঁকি কমিয়ে একটি সুস্থ ও সুন্দর সমাজ গড়ে তোলা।

 

লেখক: শিক্ষার্থী, সেশন: ২০২০-২১,

ইউনিভার্সেল মেডিকেল কলেজ

বাংলাদেশ সময়: ৮:৪৪:৫৯ ● ২৬ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ