এমপি-মন্ত্রী অনেক আসবেন, নজরুল আর জন্মাবেন না: জহির উদ্দিন স্বপন

হোম » বরিশাল » এমপি-মন্ত্রী অনেক আসবেন, নজরুল আর জন্মাবেন না: জহির উদ্দিন স্বপন
বৃহস্পতিবার ● ৫ নভেম্বর ২০২৬


এমপি-মন্ত্রী অনেক আসবেন, নজরুল আর জন্মাবেন না: জহির উদ্দিন স্বপনসাগরকন্যা প্রতিবেদক, গৌরনদী (বরিশাল)

 

যুগে যুগে অসংখ্য সংসদ সদস্য, মন্ত্রী ও প্রধানমন্ত্রী আসবেন। কিন্তু শত বছরেও কাজী নজরুল ইসলামের মতো একজন কবির জন্ম হবে না। রাজনীতিবিদেরা নির্দিষ্ট সময়ের জন্য রাষ্ট্র ও সমাজ পরিচালনায় ভূমিকা রাখলেও কবি-সাহিত্যিকদের সৃষ্টি, চিন্তা ও আদর্শ যুগের পর যুগ মানুষের হৃদয়ে বেঁচে থাকে।

 

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্যকর্ম ও সাম্য-মানবতার চেতনার গুরুত্ব তুলে ধরে এসব কথা বলেছেন বরিশাল-১ (গৌরনদী-আগৈলঝাড়া) আসনের সংসদ সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা (মন্ত্রী পদমর্যাদা) জহির উদ্দিন স্বপন।

 

বৃহস্পতিবার (৫ নভেম্বর) বরিশালের গৌরনদী উপজেলা পরিষদ অডিটোরিয়ামে ‘নজরুল বর্ষ’ উপলক্ষে আয়োজিত সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

 

জহির উদ্দিন স্বপন বলেন, কবি ও সাহিত্যিক হওয়া বিরল প্রতিভার বিষয়, যা সর্বশক্তিমান আল্লাহ তায়ালার পক্ষ থেকে পাওয়া। এ কারণে তাঁদের সৃষ্টি ও চিন্তার প্রভাব প্রজন্ম থেকে প্রজন্মান্তরে মানুষের হৃদয়ে গেঁথে থাকে। জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ছিলেন তেমনই একজন বিরল প্রতিভার অধিকারী। তাঁর সাহিত্য, সাম্য, মানবতা ও অসাম্প্রদায়িক চেতনার গুরুত্ব বিবেচনায় সরকার চলতি বছরকে ‘নজরুল বর্ষ’ ঘোষণা করেছে।

 

‘গাহি সাম্যের গান, মানুষের চেয়ে বড় কিছু নাই, নহে কিছু মহীয়ান’ প্রতিপাদ্যে আয়োজিত অনুষ্ঠানে বিভিন্ন সাংস্কৃতিক প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গৌরনদী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইব্রাহিম। এ সময় উপস্থিত ছিলেন গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তারিক হাসান রাসেল, উপজেলা বিএনপির সদস্য সচিব জহির সাজ্জাদ হান্নান, গৌরনদী প্রেসক্লাবের সভাপতি জহুরুল ইসলাম জহির, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. বদিউজ্জামান মিন্টু, পৌর বিএনপির আহ্বায়ক জাকির হোসেন শরীফ, সদস্য সচিব শফিকুর রহমান শরীফ স্বপন, পৌর বিএনপির সিনিয়র ১ নম্বর যুগ্ম আহ্বায়ক মো. কামরুজ্জামান খোকন, সরকারি গৌরনদী কলেজের সাবেক ভিপি মো. জাকির হোসেন রাজা এবং জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাইদুল আলম সেন্টু।

 

এ ছাড়া উপজেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, সাংস্কৃতিক অঙ্গনের ব্যক্তিবর্গ এবং বিভিন্ন স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২০:৩৫:২৩ ● ১৪ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ