রায়পুরে চার্জে থাকা মোবাইল বিস্ফোরণে দুই যুবক আহত

হোম » চট্টগ্রাম » রায়পুরে চার্জে থাকা মোবাইল বিস্ফোরণে দুই যুবক আহত
বুধবার ● ১৪ অক্টোবর ২০২৬


 

প্রতীকী ছবি

সাগরকন্যা প্রতিবেদক, লক্ষ্মীপুর

 

লক্ষ্মীপুরের রায়পুরে চার্জে লাগানো অবস্থায় মোবাইল ফোনে অনলাইনে গেম খেলার সময় বিস্ফোরণে দুই যুবক আহত হয়েছেন। তাঁদের মধ্যে একজনের চোখ গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার সোনাপুর ইউনিয়নের চরবগা এলাকার ভূঁইয়ারহাটে এ দুর্ঘটনা ঘটে।

 

আহত দুজন হলেন চরবগা এলাকার কবির আহমেদের ছেলে মো. রুবেল (২৫) ও আবদুল মতিনের ছেলে মো. শাকিল (২৫)। রুবেলকে ঢাকার জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে ভর্তি করা হয়েছে। শাকিল চাঁদপুরের একটি হাসপাতালে চিকিৎসাধীন।

 

সোনাপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য দেলোয়ার হোসেন জানান, রুবেল পেশায় ইলেকট্রিশিয়ান এবং শাকিল মোবাইল ফোন মেরামতের কাজ করেন। মঙ্গলবার সন্ধ্যায় তাঁরা চরবগা এলাকার চৌধুরী বাড়ির সামনে একটি দোকানে পাশাপাশি বসেছিলেন। এ সময় চার্জে লাগানো মোবাইল ফোনে অনলাইনে গেম খেলছিলেন রুবেল। খেলার একপর্যায়ে ফোনটি হঠাৎ বিস্ফোরিত হয়।

 

বিস্ফোরণে ফোনটির ডিসপ্লে ও ব্যাটারি ছিন্নভিন্ন হয়ে রুবেলের মুখ ও চোখে এবং শাকিলের মুখ ও কানে আঘাত করে। এতে দুজনই আহত হন।

 

পরে স্থানীয় বাসিন্দারা তাঁদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে রুবেলকে ঢাকায় পাঠানো হয়। শাকিলকে চাঁদপুরের একটি হাসপাতালে নিয়ে যান তাঁর স্বজনেরা।

 

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা মামুনুর রশিদ বলেন, রুবেলের চোখ ও মুখমণ্ডলে গুরুতর আঘাত লেগেছে। বিস্ফোরণে তাঁর চোখের ভেতরের অংশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এ কারণে প্রাথমিক চিকিৎসা দিয়ে তাঁকে ঢাকায় নিয়ে যাওয়ার পরামর্শ দেওয়া হয়।

বাংলাদেশ সময়: ১৫:৩১:১০ ● ১৭ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ