
সাগরকন্যা প্রতিবেদক, নেছারাবাদ (পিরোজপুর)
পিরোজপুরের নেছারাবাদে মোড়কজাত নিবন্ধন সনদ ছাড়াই অস্বাস্থ্যকর পরিবেশে আইসক্রিম উৎপাদন ও বিক্রির দায়ে রুচি আইসক্রিম কারখানার মালিককে ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে প্রয়োজনীয় কাগজপত্র ও অনুমোদন সংগ্রহ না করা পর্যন্ত কারখানার উৎপাদন কার্যক্রম বন্ধ রাখার মুচলেকা নেওয়া হয়েছে। অভিযানে জব্দ করা আইসক্রিম ঘটনাস্থলেই ধ্বংস করা হয়।
মঙ্গলবার (১৩ অক্টোবর) দুপুরে উপজেলার সোহাগদল ইউনিয়নে অবস্থিত কারখানাটিতে এ অভিযান চালানো হয়।
অভিযানে ওজন ও পরিমাপ মানদণ্ড আইন, ২০১৮ অনুযায়ী মোড়কজাত নিবন্ধন সনদ ছাড়া অস্বাস্থ্যকর উপায়ে আইসক্রিম উৎপাদন ও বিক্রির দায়ে কারখানার মালিক আবুল হোসেনকে (৬৫) ২০ হাজার টাকা জরিমানা করা হয়। তিনি ওই গ্রামের আছমত আলীর ছেলে।
অভিযান চলাকালে কারখানায় উৎপাদিত আইসক্রিম জব্দ করে ধ্বংস করা হয়। পাশাপাশি প্রয়োজনীয় কাগজপত্র, মোড়কজাত নিবন্ধন সনদ ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদন সংগ্রহ না করা পর্যন্ত উৎপাদন বন্ধ রাখার বিষয়ে মালিকের কাছ থেকে মুচলেকা নেওয়া হয়।
জানা গেছে, এর আগেও একই কারখানায় অভিযান চালিয়ে অনিয়মের দায়ে জরিমানা করা হয়েছিল। এরপরও প্রয়োজনীয় শর্ত পূরণ না করে কারখানাটিতে আইসক্রিম উৎপাদন ও বিক্রি অব্যাহত রাখার অভিযোগ ওঠে। পুনরায় অনিয়মের বিষয়টি সামনে আসায় এবারও ব্যবস্থা নেয় ভ্রাম্যমাণ আদালত।
অভিযান পরিচালনা করেন নেছারাবাদ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রায়হান মাহমুদ। প্রসিকিউটর হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশনের (বিএসটিআই) বরিশালের পরিদর্শক তাহসিন আলম। এ সময় নেছারাবাদ থানা পুলিশের একটি দল আইনশৃঙ্খলা রক্ষায় সহযোগিতা করে।
রায়হান মাহমুদ বলেন, জনস্বাস্থ্য সুরক্ষা এবং নিরাপদ খাদ্যপণ্য উৎপাদন ও বাজারজাতকরণ নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।