
সাগরকন্যা প্রতিবেদক, চরফ্যাশন (ভোলা)
‘শিশুবিয়ে আর নয়, কন্যা করবে বিশ্বজয়’ স্লোগানে ভোলার চরফ্যাশনে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে সোমবার (১২ অক্টোবর) বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভার আয়োজন করে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়।
সকাল ১১টায় উপজেলা পরিষদ চত্বর থেকে শোভাযাত্রাটি বের হয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে ফিরে আসে। এতে কন্যাশিশু, নারী ও সুশীল সমাজের প্রতিনিধিরা অংশ নেন।
পরে উপজেলা পরিষদের হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মো. নুরনবী। প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুমানা আফরোজ। বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) এমাদুল হোসেন।
প্রধান অতিথির বক্তব্যে ইউএনও রুমানা আফরোজ বলেন, কন্যাশিশুরা এখন আর পিছিয়ে নেই। উপযুক্ত শিক্ষা ও নিরাপত্তা পেলে তারাও বিশ্বজয় করতে সক্ষম। বাল্যবিয়ে প্রতিরোধে প্রশাসনের পাশাপাশি সমাজের সর্বস্তরের মানুষকে এগিয়ে আসতে হবে।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চরফ্যাশন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোতাহার হোসেন আলমগীর মালতীয়া, ভোলা জেলা বিএনপির সদস্য ও উপজেলা বিএনপির জ্যেষ্ঠ সহসভাপতি হেলাল উদ্দিন টিপু, উপজেলা জামায়াতের আমির অধ্যক্ষ মীর মোহাম্মদ শরীফ হোসেন এবং উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আশরাফুল রহমান দিপু ফরাজি।
আলোচনা সভায় বক্তারা কন্যাশিশুর অধিকার সুরক্ষা এবং বাল্যবিয়েমুক্ত সমাজ গঠনে দলমত-নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।