
সাগরকন্যা প্রতিবেদক, চরফ্যাশন (ভোলা)
ভোলার চরফ্যাশনে শারদীয় দুর্গাপূজা সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১২ অক্টোবর) চরফ্যাশন উপজেলা পরিষদের হলরুমে এ সভার আয়োজন করা হয়।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুমানা আফরোজ। এতে প্রশাসনের কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তিবর্গ, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিনিধি, সনাতন ধর্মাবলম্বী ও পূজা উদযাপন কমিটির নেতারা উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে প্রতিটি পূজামণ্ডপে উৎসবমুখর পরিবেশ নিশ্চিত করতে প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে। পূজার সময় আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ, আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর পাশাপাশি বিশেষ নজরদারি থাকবে। এ ছাড়া নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ, মণ্ডপে সিসিটিভি ক্যামেরা স্থাপন ও স্বেচ্ছাসেবকদের সক্রিয় উপস্থিতির ওপর গুরুত্ব দেওয়া হয়।
পূজা উদযাপন কমিটির নেতারা প্রশাসনের উদ্যোগকে স্বাগত জানিয়ে দুর্গোৎসব সফল করতে সবার আন্তরিক সহযোগিতা কামনা করেন।
উপজেলা সূত্রে জানা গেছে, এ বছর চরফ্যাশন পৌরসভা ও ২০টি ইউনিয়নে মোট ১৪টি পূজামণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। এর মধ্যে পৌরসভায় পাঁচটি এবং বিভিন্ন ইউনিয়নে নয়টি মণ্ডপ রয়েছে। এসব মণ্ডপে প্রতিমা তৈরি ও সাজসজ্জার শেষ প্রস্তুতি চলছে। এ নিয়ে ব্যস্ত সময় পার করছেন কারিগর ও আয়োজকেরা।
চরফ্যাশন শ্রীশ্রী কালীবাড়ি সার্বজনীন দুর্গাপূজা মণ্ডপের পুরোহিত দুলাল চন্দ্র গাঙ্গুলী জানান, এবার দেবী দুর্গা গজে (হাতিতে) চড়ে আগমন করবেন এবং দোলায় (পালকিতে) চড়ে বিদায় নেবেন। তাঁর মতে, গজে দেবীর আগমন শান্তি, সমৃদ্ধি ও শস্য-শ্যামল পৃথিবীর প্রতীক এবং এটি শুভ ইঙ্গিত বহন করে।
মণ্ডপের সাধারণ সম্পাদক হৃদয় চন্দ্র শীল জানান, ‘ধর্ম যার যার, উৎসব সবার’ এই চেতনায় দুর্গোৎসব উপলক্ষে স্থানীয় শিল্পীদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হবে। পাশাপাশি মন্দির প্রাঙ্গণে বসবে বিভিন্ন পণ্যের মেলা। এ আয়োজনে জাতি-ধর্ম নির্বিশেষে সবাইকে আমন্ত্রণ জানিয়েছেন তিনি।