
সাগরকন্যা প্রতিবেদক, দাকোপ (খুলনা)
সুন্দরবনে মাছ ও কাঁকড়া ধরতে গিয়ে ডাকাত সম্রাট বাহিনীর হাতে জিম্মি হওয়া চার জেলেকে উদ্ধার করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। খুলনার দাকোপ উপজেলার শিপসা নদীর আরবানিয়া খালসংলগ্ন এলাকা থেকে তাঁদের উদ্ধার করা হয়। তবে কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে বনের ভেতরে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
সোমবার (১২ অক্টোবর) সকালে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।
কোস্ট গার্ড জানায়, সুন্দরবনের বনদস্যু নির্মূল ও উপকূলীয় অঞ্চলে নিরাপত্তা নিশ্চিত করতে ‘অপারেশন রিস্টোর পিস ইন সুন্দরবন’ ও ‘অপারেশন ম্যানগ্রোভ শিল্ড’ নামে দুটি বিশেষ অভিযান চলছে। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে রবিবার (১১ অক্টোবর) দুপুর ২টার দিকে কোস্ট গার্ডের নলিয়ান আউটপোস্টের সদস্যরা শিপসা নদীর আরবানিয়া খালসংলগ্ন এলাকায় অভিযান চালান। এ সময় ডাকাতদের হাতে জিম্মি থাকা চার জেলেকে উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, গত ১০ অক্টোবর সুন্দরবনে মাছ ও কাঁকড়া ধরতে গেলে সম্রাট বাহিনীর সদস্যরা ওই চার জেলেকে ধরে নিয়ে যান। পরে তাঁদের জিম্মি করে মুক্তিপণ আদায়ের উদ্দেশ্যে নির্যাতন করা হয়।
উদ্ধার হওয়া জেলেরা হলেন খুলনার পাইকগাছা উপজেলার মইনুর (৫০), বাদশা গাজী (৩৯), সুজন হোসেন (৩৪) ও ইমামুল মল্লিক (২২)। তাঁদের পরিবারের কাছে হস্তান্তরের কার্যক্রম চলছে।
কোস্ট গার্ডের পক্ষ থেকে জানানো হয়েছে, সরকারের নির্দেশনা, সবার সহযোগিতা এবং অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বিত প্রচেষ্টায় সুন্দরবনকে দস্যুমুক্ত করার বিষয়ে তারা আশাবাদী।