হানি ট্রাপের অভিযোগে গ্রেপ্তার, ছাত্রদল নেতা বহিষ্কার

হোম » পিরোজপুর » হানি ট্রাপের অভিযোগে গ্রেপ্তার, ছাত্রদল নেতা বহিষ্কার
শুক্রবার ● ৯ অক্টোবর ২০২৬


 

হানি ট্রাপের অভিযোগে গ্রেপ্তার, ছাত্রদল নেতা বহিষ্কার

সাগরকন্যা প্রতিবেদক, পিরোজপুর

 

পিরোজপুরের ভান্ডারিয়ায় এক ব্যবসায়ীকে হানি ট্রাপে ফাঁসিয়ে মারধর, নগ্ন ভিডিও ধারণ ও সেই ভিডিও দিয়ে ব্ল্যাকমেইল করে অর্থ আদায়ের অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁদের মধ্যে পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সজীব চাপরাশিও রয়েছেন। গ্রেপ্তারের পর তাঁকে সংগঠনের প্রাথমিক সদস্যপদসহ সব পদ থেকে বহিষ্কার করেছে জেলা ছাত্রদল।

 

বৃহস্পতিবার (৮ অক্টোবর) বিকেলে ভান্ডারিয়া বাজারের রিজার্ভ পুকুরপাড় এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। অন্য দুজন হলেন মোস্তাফিজুর রহমান রনি (৩৫) ও মারিয়া আক্তার (ছদ্মনাম)।

 

পুলিশ সূত্রে জানা গেছে, ভান্ডারিয়া বাজারসংলগ্ন রিজার্ভ পুকুরপাড় এলাকায় ইলেকট্রিক ব্যবসায়ী মানবেন্দ্র রায় মুন্নাকে (৩৪) কৌশলে ফাঁদে ফেলার অভিযোগ রয়েছে তাঁদের বিরুদ্ধে। পরে তাঁকে মারধর ও ভয়ভীতি দেখিয়ে নগ্ন ভিডিও ধারণ করা হয়। ওই ভিডিও ব্যবহার করে ব্ল্যাকমেইলের মাধ্যমে অর্থ আদায়ের অভিযোগে তাঁদের গ্রেপ্তার করা হয়েছে।

 

বৃহস্পতিবার পিরোজপুর জেলা ছাত্রদলের সভাপতি সালাউদ্দিন তালুকদার কুমার ও সাধারণ সম্পাদক মাহমুদ হাসান শাহীনের সিদ্ধান্তে সজীবকে বহিষ্কারের বিষয়টি অনুমোদন করা হয়। জেলা ছাত্রদলের দপ্তর সম্পাদক খালিদ হাসানের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

 

বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগে সজীবকে প্রাথমিক সদস্যপদসহ সংগঠনের সব পদ থেকে বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে সংগঠনের সব পর্যায়ের নেতাকর্মীকে তাঁর সঙ্গে সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

 

জেলা ছাত্রদলের সভাপতি সালাউদ্দিন তালুকদার বলেন, স্থানীয় নেতাদের সঙ্গে আলোচনা করে সজীবের বিরুদ্ধে বিভিন্ন তথ্য-প্রমাণ পাওয়া গেছে। সার্বিক বিষয় বিবেচনায় সাংগঠনিক শৃঙ্খলা বজায় রাখতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ১৭:০৪:৩০ ● ২৪ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ