আফগানিস্তানের বিপক্ষে ব্যাটিংয়ে নাজমুল, বোলিংয়ে রশিদ শীর্ষে

হোম » খেলা » আফগানিস্তানের বিপক্ষে ব্যাটিংয়ে নাজমুল, বোলিংয়ে রশিদ শীর্ষে
শুক্রবার ● ৯ অক্টোবর ২০২৬


 

আফগানিস্তানের বিপক্ষে ব্যাটিংয়ে নাজমুল, বোলিংয়ে রশিদ শীর্ষে

সাগরকন্যা খেলা ডেস্ক

 

বাংলাদেশ ও আফগানিস্তানের টেস্ট লড়াইয়ে এখন পর্যন্ত ম্যাচ হয়েছে দুটি। ২০১৯ সালে প্রথমবার মুখোমুখি হওয়ার পর দুই দল দ্বিতীয় টেস্ট খেলেছে ২০২৩ সালে। আজ আবুধাবিতে শুরু হচ্ছে তৃতীয় টেস্ট। আগের দুই ম্যাচে ব্যাট ও বল হাতে সেরা ছিলেন কারা?

 

ব্যাট হাতে দুই দলের লড়াইয়ে সবচেয়ে সফল বাংলাদেশের অধিনায়ক নাজমুল হোসেন। ২০২৩ সালে সর্বশেষ টেস্টে জোড়া সেঞ্চুরি করে এক ম্যাচেই ২৭০ রান করেছিলেন তিনি। দুই দলের টেস্ট ইতিহাসে এখন পর্যন্ত সর্বোচ্চ রানও তাঁর। তবে ২০১৯ সালে প্রথম টেস্টে খেলেননি নাজমুল।

 

সর্বোচ্চ রানসংগ্রাহকদের তালিকায় দ্বিতীয় স্থানে মুমিনুল হক। দুই টেস্টে তাঁর সংগ্রহ ১৯১ রান। ২০২৩ সালের ম্যাচে নাজমুলের জোড়া সেঞ্চুরির পাশাপাশি শতকের দেখা পেয়েছিলেন মুমিনুলও। শীর্ষ পাঁচে থাকা অন্য তিন ব্যাটসম্যান হলেন আফগানিস্তানের আসগর আফগান, রহমত শাহ ও আফসার জাজাই।

 

বল হাতে সবার ওপরে আফগানিস্তানের লেগ স্পিনার রশিদ খান। ২০১৯ সালের প্রথম টেস্টেই ১১ উইকেট নিয়েছিলেন তিনি। তবে ২০২৩ সালের টেস্টে খেলেননি রশিদ। এবারও তাঁকে ছাড়াই মাঠে নামছে আফগানিস্তান।

 

বোলারদের তালিকায় দ্বিতীয় বাংলাদেশের তাইজুল ইসলাম। দুই টেস্টে তাঁর শিকার ৮ উইকেট। ৬ উইকেট নিয়ে তৃতীয় স্থানে মেহেদী হাসান মিরাজ। শীর্ষ পাঁচে থাকা অন্য দুই বোলার হলেন আফগানিস্তানের জহির খান ও বাংলাদেশের ইবাদত হোসেন।

 

আগের দুই টেস্টের দুটিই হয়েছে বাংলাদেশের মাটিতে। ২০১৯ সালে চট্টগ্রামে বাংলাদেশকে ২২৪ রানে হারিয়েছিল আফগানিস্তান। চার বছর পর মিরপুরে ৫৪৬ রানের বিশাল জয় তুলে নিয়ে সেই হারের জবাব দেয় বাংলাদেশ। এবার আবুধাবিতে তৃতীয় টেস্টে দুই দলের লড়াইয়ে নতুন কোনো ইতিহাস তৈরি হয় কি না, সেটিই দেখার অপেক্ষা।

বাংলাদেশ সময়: ৯:০৭:৩৬ ● ১৯ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ