চরফ্যাশনে ৩৫ হাজার জেলের মাঝে ভিজিএফের চাল বিতরণ শুরু

হোম » ভোলা » চরফ্যাশনে ৩৫ হাজার জেলের মাঝে ভিজিএফের চাল বিতরণ শুরু
বৃহস্পতিবার ● ৮ অক্টোবর ২০২৬


 

চরফ্যাশনে ৩৫ হাজার জেলের মাঝে ভিজিএফের চাল বিতরণ শুরু

সাগরকন্যা প্রতিবেদক, চরফ্যাশন (ভোলা)

 

মা ইলিশের নিরাপদ প্রজনন নিশ্চিত করতে দেশব্যাপী ২২ দিনের নিষেধাজ্ঞা শুরু হয়েছে। এ সময়ে জীবিকা সংকটে পড়া জেলেদের সহায়তায় ভোলার চরফ্যাশনে বিশেষ মৎস্য ভিজিএফ কর্মসূচির আওতায় সরকারি চাল বিতরণ শুরু হয়েছে।

 

বৃহস্পতিবার (৮ অক্টোবর) বেলা ১১টার দিকে উপজেলার জিন্নাগড় ইউনিয়নে এ কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুমানা আফরোজ। জেলেদের পরিচয়পত্র ও কার্ড যাচাই করে প্রত্যেকের হাতে ২৫ কেজি করে চাল তুলে দেওয়া হয়।

 

উপজেলা মৎস্য কার্যালয় সূত্রে জানা গেছে, চলতি বছর চরফ্যাশনের নিবন্ধিত ৩৫ হাজার ৬৫৬ জন প্রান্তিক জেলে ও মাঝি-মাল্লার জন্য ২৫ কেজি করে মোট ৮৯১ দশমিক ৪ মেট্রিক টন চাল বরাদ্দ দেওয়া হয়েছে।

 

চাল পেয়ে জিন্নাগড় ইউনিয়নের জেলে হারুন মোল্লা বলেন, ‘দীর্ঘদিন নদীতে ইলিশের তেমন দেখা পাইনি। এখন ইলিশ আহরণের সম্ভাবনাময় সময় এলেও মা ইলিশ রক্ষায় সরকারি নির্দেশনা মেনে মাছ ধরা থেকে বিরত রয়েছি। নিষেধাজ্ঞার ২২ দিন জাল ও নৌকা মেরামতের কাজে লাগাব। সরকারের খাদ্যসহায়তা সংকটের সময়ে কিছুটা স্বস্তি দেবে।’

 

উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা ও ইউনিয়ন প্রশাসক জয়ন্ত কুমার অপু বলেন, ‘মা ইলিশ সংরক্ষণ অভিযান সফল করতে বিশেষ মৎস্য ভিজিএফ কর্মসূচির আওতায় চাল বিতরণ শুরু হয়েছে। নিষেধাজ্ঞার সময়ে জেলেরা যাতে খাদ্যসংকটে না পড়েন, সে লক্ষ্যেই এ সহায়তা দেওয়া হচ্ছে।’

 

উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমানা আফরোজ বলেন, ‘মা ইলিশের নিরাপদ প্রজনন নিশ্চিত করতে নিষেধাজ্ঞা বাস্তবায়নের পাশাপাশি ক্ষতিগ্রস্ত জেলেদের খাদ্যসহায়তা দেওয়া হচ্ছে। চরফ্যাশনের তালিকাভুক্ত জেলেদের জন্য বরাদ্দ করা ভিজিএফের চাল বিতরণ শুরু হয়েছে।’

 

সরকার ঘোষিত নিষেধাজ্ঞা অনুযায়ী, ৮ অক্টোবর থেকে ২৯ অক্টোবর পর্যন্ত ২২ দিন দেশব্যাপী ইলিশ আহরণ, পরিবহন, মজুত, বাজারজাতকরণ এবং ক্রয়-বিক্রয় নিষিদ্ধ থাকবে। এ সময়ে আইন অমান্যকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার পাশাপাশি নদী ও সাগরে প্রশাসন, কোস্ট গার্ড ও নৌ পুলিশের যৌথ অভিযান ও বিশেষ টহল অব্যাহত থাকবে।

বাংলাদেশ সময়: ১৯:৩০:১৪ ● ২১ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ